হাসপাতালে মিল্টন খন্দকার

দেশের বরেণ্য সংগীতশিল্পী মিল্টন খন্দকার দীর্ঘদিন ধরে কাঁধ, কোমর ও মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে রাজধানীর আফতাব নগরের বিএলসিএস হাসপাতালে ভর্তি করা হয়েছে মিল্টন খন্দকারকে। সেখানে ডা. ইয়াকুব আলীর তত্ত্বাবধানে তার স্টেমসেল অপারেশন হওয়ার কথা রয়েছে। 

মিল্টন খন্দকার বলেন, ‘দীর্ঘদিন ধরে কাঁধে ও কোমরের ব্যথা অনুভব করছি। মেরুদণ্ডেও তীব্র সমস্যা। আজ (২৯ জুন) রাজধানীর আফতাব নগরের বিএলসিএস হাসপাতালে ভর্তি হয়েছি। এখানে ডা. ইয়াকুব আলীর তত্ত্বাবধানে অপারেশন (স্টেমসেল) হবে। আমার প্রিয়জন ও অনুরাগীদের কাছে দোয়া প্রার্থনা করছি। আমি যেন দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরতে পারি।’ 

গীতিকবি হিসেবে বেশি পরিচিতি পেলেও মিল্টন খন্দকার সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও সমাদৃত। তার গান গেয়ে পরিচিতি ও খ্যাতি পেয়েছেন দেশের অনেক শিল্পী। তিনি গান লেখার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন। 

শিল্পীর অসুস্থতার খবরে তার ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে অপারেশনের পর সুস্থ হয়ে শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরবেন বলে আশাবাদী মিল্টন খন্দকার।