কলম্বিয়ার রাজধানী বোগোটায় একটি স্যুটকেসের ভেতর থেকে উদ্ধার হওয়া মডেল নাটালিয়া ভিয়ালবার হত্যাকাণ্ডের অভিযোগে ব্রিটিশ চিকিৎসক ম্যাথিউ ফস্টার-স্মিথকে ইকুয়েডরের রাজধানী কুইটোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে ইকুয়েডরের জাতীয় পুলিশ ৪৬ বছর বয়সী ওই ব্রিটিশ নাগরিককে আটক করে। অভিযোগ, তিনি একা থাকা অবস্থায় নাটালিয়ার অ্যাপার্টমেন্টে প্রবেশ করে তাকে মারধর করে হত্যা করেন। পরে মরদেহ একটি স্যুটকেসে ভরে ঘটনাস্থলের আলামত নষ্ট করে পালিয়ে যান।
তদন্তকারীদের তথ্যমতে, গত ১৮ জুন হত্যাকাণ্ডটি ঘটে। পরে বোগোটার একটি বহুতল ভবনের সপ্তম তলার অ্যাপার্টমেন্টের বাথরুমে চলমান শাওয়ারের নিচে রাখা একটি স্যুটকেস থেকে পরিচ্ছন্নতাকর্মী নাটালিয়ার মরদেহ উদ্ধার করেন।
গ্রেপ্তারের আগে ফস্টার-স্মিথ সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন, ঘটনার সময় তিনি একটি আইরিশ বারে বসে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ফুটবল ম্যাচ দেখছিলেন। তার ভাষায়, 'আমি ওই সময় বারে ছিলাম, তাই এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।'
বোগোটার মেয়র কার্লোস ফার্নান্দো গালান জানিয়েছেন, কলম্বিয়া ও ইকুয়েডরের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ব্রিটেনের ডরসেট পুলিশও অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে সহযোগিতা করেছে।
কলম্বিয়ার প্রসিকিউটররা জানিয়েছেন, তাকে দেশটিতে ফিরিয়ে এনে গুরুতর নারী হত্যা (অ্যাগ্রাভেটেড ফেমিসাইড) এবং আলামত নষ্ট করার অভিযোগে বিচার করা হবে।