রাজবাড়ীতে পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে যাওয়ায় খুলনা-ঢাকা রুটের ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।
সোমবার (২৯ জুন) ভোর ৪টার দিকে সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে খুলনা-ঢাকা রুটের নকশীকাঁথা ট্রেন ও রাজবাড়ী-ভাঙ্গা রুটের রাজবাড়ী এক্সপ্রেসের সূচি বিপর্যস্ত হয়। পরে রেলওয়ের কর্মীরা ট্রাকটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. মাহবুব হাসান জানান, যশোর জেলার নওয়াপাড়া থেকে জিপসার বোঝাই একটি ট্রাক মানিকগঞ্জ জেলার দৌলতপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ভোরে বসন্তপুর রেলগেট এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেস রাজবাড়ীর পাঁচুরিয়া স্টেশনে দীর্ঘ সময় আটকে থাকে। একই সময়ে রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকা রাজবাড়ী এক্সপ্রেসও রাজবাড়ী রেলস্টেশন থেকে নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর সকাল ১০টার দিকে ট্রাকটি রেললাইন থেকে অপসারণ করা সম্ভব হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালকের সহকারী মো. সোহেল বলেন, আমার ওস্তাদ (চালক) অসুস্থবোধ করছিলেন। তখন তিনি আমাকে ট্রাক চালাতে বলেন। আমি ট্রাক চালানোর সময় হঠাৎ ঘুমিয়ে পড়ি। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে যায়।