বিয়ানীবাজার

সাংবাদিকের পরিবার ডাকাতির শিকার, প্রাইভেট কার ছিনতাই

বিয়ানীবাজার প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, সাপ্তাহিক সম্ভাবনা পত্রিকার সম্পাদক ও জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার মাসুম আহমদ স্বপরিবারে ডাকাতির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

রবিবার দিবাগত রাতে বাড়ি থেকে প্রাইভেট কারে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর কুলাউড়া এলাকায় রাত প্রায় ২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

জানা গেছে, রবিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে কুলাউড়া এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয়ে একদল ব্যক্তি তাদের গাড়ির গতিরোধ করে। পরে প্রাইভেট কারটি তল্লাশির কথা বলে অস্ত্রের মুখে চালককে জিম্মি করা হয়। এরপর সাংবাদিক মাসুম আহমদ, তার স্ত্রী ও মেয়েকে গাড়ি থেকে নামিয়ে পাশের একটি চা-বাগানে নিয়ে জিম্মি করে রাখা হয়। 

এ সময় ডাকাতরা তাদের কাছ থেকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে ডাকাত দলের একজন তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি নিয়ে পালিয়ে যায়।

সাংবাদিক মাসুম আহমদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। এবার ঢাকার একটি হাসপাতালে তার ভর্তি হওয়ার কথা ছিল। সে কারণে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে প্রাইভেট কারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কুলাউড়া থানা এলাকায় তিনি পরিবারসহ ডাকাত দলের কবলে পড়েন। এ ঘটনায় তিনি স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে। বিষয়টি তদন্তে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।

এদিকে ছিনতাই হওয়া প্রাইভেট কারটি হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।