জার্মানির স্টাডে শহরে বন্দুক হামলায় নিহত ৫

জার্মানির উত্তরাঞ্চলীয় শহর স্টাডেতে এক ভয়াবহ বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। গতকাল সোমবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি হামবুর্গের পশ্চিমে অবস্থিত প্রায় ৫০ হাজার জনবসতির শহর স্টাডের একটি যুব কেন্দ্রের কাছে ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, যুব কেন্দ্রটির ভেতরে হঠাৎ করেই এলোপাতাড়ি বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। স্টাডে পুলিশ সদর দপ্তর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জনসাধারণকে এলাকাটি এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পরপরই এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। শহরটির ডাঙ্কার্সস্ট্রাসে এলাকায় আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনীর একটি ‘বড় ধরনের অভিযান’ চলছে। তবে হামলার পেছনে কী কারণ বা উদ্দেশ্য ছিল, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

প্রাথমিক কিছু প্রতিবেদনে একাধিক হামলাকারী থাকার সম্ভাবনার কথা বলা হলেও, পুলিশ এখন পর্যন্ত কেবল একজন আটকের তথ্যই নিশ্চিত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বিশদ তদন্তের জন্য এলাকাটি বর্তমানে অবরুদ্ধ করে রাখা হয়েছে।