ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৫শ

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৭:০৩ এএম

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এবং লা গুয়াইরাসহ বিভিন্ন শহরের ধ্বংস্তূপ থেকে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ১৫০ জন; বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ হাজার ৭২১ জন। আর ৭৭৪টি ভবন পুরোপুরি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। তবে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে এখনও জীবিতদের খুঁজে বের করতে দিন-রাত কাজ করছেন দেশি-বিদেশি উদ্ধারকর্মীরা। সরকারি হিসাবে ভূমিকম্পে নিখোঁজের সংখ্যা কয়েক’শ হলেও বিরোধী পক্ষের সমর্থিত একটি অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ৫০ হাজার মানুষকে এখনও নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ গত রবিবার এক বিবৃতিতে বলেন, ‘ধ্বংসস্তূপগুলোতে আমাদের অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। ধ্বংস্তূপে আটকে পড়া মরদেহগুলো যেমন উদ্ধার করা হয়েছে, তেমনি জীবিতদেরও উদ্ধার করা হচ্ছে। আমাদের অভিযান শিগগিরই শেষ হচ্ছে না। ধ্বংসস্তূপের তলায় আমাদের স্বজনরা জীবিত আছেন এমন আশা নিয়ে আমাদের এগোতে হবে।’

গত ২৪ জুন ভেনেজুয়েলার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দুই ভূমিকম্পের মাঝখানে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।  উদ্ভূত পরিস্থিতিতে প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেস ভবনগুলোর বাসযোগ্যতা নির্ধারণে একটি প্রেসিডেন্সিয়াল কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি স্কুল-কলেজের ছুটি আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। তিনি জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যে ইতিমধ্যে ৭৫ শতাংশ বিদ্যুৎ সরবরাহ সচল করা সম্ভব হয়েছে। তবে জরুরি যানবাহনের চলাচল নির্বিঘœ করতে সাধারণ স্বেচ্ছাসেবীদের ওই এলাকায় যাতায়াত কিছুটা সীমিত করেছে সরকার।

সুইজারল্যান্ডের উদ্ধারকারী দলের প্রধান সেবাস্তিয়ান ইউগস্টার সতর্ক করে বলেছেন, ভূমিকম্পের পর জীবিত উদ্ধারের জন্য প্রথম ৭২ ঘণ্টা বা তিন দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর অলৌকিক কিছু না ঘটলে মানুষের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে। তবে এই চরম আশঙ্কার মধ্যেই গত রবিবার ধ্বংসস্তূপ থেকে এক বাবা ও তার ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া শনিবার যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল এক শিশুকে এবং কলম্বিয়া ও মেক্সিকোর দল আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই দুর্যোগ মোকাবিলায় বর্তমানে ২ হাজার ৬০০ জনেরও বেশি বিদেশি উদ্ধারকর্মী ভেনেজুয়েলায় কাজ করছেন। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ঘোষিত ১৫০ মিলিয়ন ডলারের পাশাপাশি আরও কয়েকশ মিলিয়ন ডলারের একটি বড় সহায়তা তহবিল ঘোষণা করতে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত