রোনালদোর কারণেই আটকে যাচ্ছে পর্তুগাল

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এ (রাউন্ড অব ৩২) জায়গা করে নিয়েছে পর্তুগাল। তবে গ্রুপ ‘কে’-এর রানার্সআপ হয়ে নকআউটে উঠলেও রবার্তো মার্তিনেসের দলের পারফরম্যান্স মোটেও ভক্তদের মন ভরাতে পারেনি। ৩ ম্যাচের দুটিতেই ড্র করা পর্তুগিজদের খেলায় ধার না থাকার পেছনে এখন কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে দলের ৪১ বছর বয়সী মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ইএসপিএনের জনপ্রিয় ফুটবল প্রোগ্রাম ‘লা কাসা দেল কুন’-এ এসে রোনালদোর কঠোর ট্যাকটিক্যাল সমালোচনা করেছেন উরুগুয়ের কিংবদন্তি স্ট্রাইকার দিয়েগো ফরলান।

এবারের বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে কিংবদন্তি ইউসেবিওকে (১০ গোল) ছাড়িয়ে বিশ্বকাপে পর্তুগালের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো। একই সঙ্গে ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে টানা ৬টি বিশ্বকাপে গোল করার অবিস্মরণীয় রেকর্ডও গড়েছেন ‘সিআরসেভেন’। কিন্তু রেকর্ড গড়া সত্ত্বেও মাঠে তার অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফরলান।

রোনালদোর খেলার ধরন নিয়ে ফরলান বলেন, ‘বর্তমানে ক্রিশ্চিয়ানো স্ট্রাইকার হিসেবে একদম সেন্ট্রাল পজিশনে খেলছে। সে একজন প্রথাগত ‘নম্বর নাইন’ (৯) হিসেবে বক্সের ভেতর দাঁড়িয়ে থাকে শুধু বল পেয়ে গোল করার আশায়, কারণ সে এখন আর নিচে নেমে বল রিসিভ করে না। কিন্তু এই বিষয়টি পর্তুগালের আক্রমণভাগকে পুরোপুরি সীমিত বা খাটো করে দিচ্ছে। সে হয়তো ভাবছে বক্সের কাছে থাকলে গোল করার সুযোগ বেশি, কিন্তু সে বুঝতে পারছে না যে সে দলের ক্ষতি করছে।’

সাবেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো ও অস্কার রুগেলির উপস্থিতিতে ফোরলান ট্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝিয়ে বলেন, কেন রোনালদো এখন পর্তুগালের জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছেন, ‘রোনালদো মাঠে একদম নড়াচড়া করে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। এর ফলে প্রতিপক্ষের দুজন সেন্ট্রাল ব্যাকের (ডিফেন্ডার) কাজ খুব সহজ হয়ে যায়। তারা খুব সহজেই রোনালদোকে মার্ক করে রাখতে পারে। সে যদি একটু উইং বা সাইডের দিকে সরে যেত, তবে দলের অন্য খেলোয়াড়দের ভেতরে ঢোকার জায়গা তৈরি হতো। সে মাঠে বড্ড বেশি স্থবির। এর ফলে পর্তুগালের পুরো আক্রমণটা একটা ফানেলের মতো আটকে যাচ্ছে।’

ফরলানের এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করে আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার সার্জিও ‘কুন’ আগুয়েরো সরাসরি বলেন, “আমার মনে হয় রোনালদো তার ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করে এসেছে।” অন্যদিকে প্যানেলে থাকা বিশ্বকাপজয়ী ডিফেন্ডার অস্কার রুগেলি যোগ করেন, বয়স হয়ে যাওয়ার কারণে গতি ও শক্তির দিক থেকে মাঠে যেন কোনো খামতি প্রকাশ না পেয়ে যায়, সেই ভয় থেকেই হয়তো রোনালদো নিজের পজিশন ছেড়ে নড়তে চান না।

আগামী বৃহস্পতিবার নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। ফোরলান মনে করেন, রোনালদোকে দল থেকে বাদ দেওয়া সমাধান নয়, বরং তাকে তার ভুলটা বোঝাতে হবে। বিদায় বেলায় ফরলান পর্তুগাল কোচের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে বলেন, ‘রোনালদোকে আমাদের বোঝাতে হবে এবং বলতে হবে ‘মাঠে একটু নড়াচড়া করো, বক্সের বাইরে বের হও, দেখবে তুমি আরও বেশি গোল পাচ্ছ।’ এখন দেখার বিষয়, নকআউটের মহাযুদ্ধের আগে ৪১ বছর বয়সী এই মহাতারকা নিজের খেলার ধরন পরিবর্তন করে পর্তুগালকে কাক্সিক্ষত ট্রফির দিকে নিয়ে যেতে পারেন কি না।