একনজরে

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৭:৩৬ এএম

মেসির জন্য কেপ ভার্দের উপহার

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। এই নকআউট ম্যাচের আগে লিওনেল মেসির জন্য বিশেষ উপহার পাঠানোর ঘোষণা দিয়েছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস আর্জেন্টিনার ‘সুপার দেপোর্তিভো রেডিও’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, মেসির জন্য কেপ ভার্দে ফুটবল দলের একটি অফিশিয়াল জার্সি উপহার হিসেবে পাঠানো হবে। জার্সিটির পেছনে ১০ নম্বরের সঙ্গে মেসির নাম লেখা থাকবে। প্রেসিডেন্ট নেভেস বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে সম্মান জানাতে আমরা আমাদের জাতীয় দলের জার্সিতে তার নাম ও নম্বর বসিয়ে উপহার দেব। কেপ ভার্দেতে মেসি এক বিশাল আদর্শ। তিনি আমাদের কাছে ফুটবলের শ্রেষ্ঠত্ব, সৌন্দর্য ও নিখুঁততার প্রতীক। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি যাতে জার্সিটি ম্যাচের আগেই তার হাতে পৌঁছে দেওয়া যায়।’

কোরিয়ার ব্যর্থতায় তদন্ত

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় দক্ষিণ কোরিয়ার ফুটবলকে ঘিরে দেশটিতে অস্থিরতা তৈরি হয়েছে। ব্যর্থতার দায় নিয়ে প্রধান কোচ হং মিয়ং-বো পদত্যাগ করলেও ফুটবল প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের দাবি তুলেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, সাবেক ফুটবলার ও সমর্থকেরা। তুলনামূলক দুর্বল দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ গোলে হেরে আসর শেষ করে দলটি। এরপর গত রোববার পদত্যাগের ঘোষণা দেন মিয়ং-বো। এদিকে দলের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং ‘অযোগ্য ব্যক্তিদের’ দায়ী করেন এবং পুরো ঘটনার তদন্তের আহ্বান জানান। সাবেক অধিনায়ক পার্ক জি-সুং বলেন, ‘এমন পরিণতির আশঙ্কা অনেক আগেই ছিল। আমাদের বুঝতে হবে, কেন আমরা এই অবস্থায় এসে পৌঁছেছি। বিশ্বকাপের প্রস্তুতি ও দক্ষিণ কোরিয়ান ফুটবলের উন্নয়নে এক দশকে যা শিখেছিলাম, আমরা আবারও তা ভুলে গেছি।’

সৌদি ভরাডুবিতে পদত্যাগ

ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা নেইমার জুনিয়রের মতো মহাতারকাদের ঘরোয়া লিগে এনে বিশ্বফুটবলকে কাঁপিয়ে দিয়েছিল সৌদি আরব। লক্ষ্য ছিল বিশ্বকাপে দারুণ কিছু করার। কিন্তু তাদের আকাশচুম্বী প্রত্যাশা এক লহমায় মাটিতে মিশে গেল বিশ্বকাপের গ্রুপ পর্বেই। উরুগুয়ে ও কেপ ভার্দের সঙ্গে ড্র এবং স্পেনের কাছে হেরে গ্রুপ পর্বের তলানি থেকে বিদায় নিয়েছে গ্রিন ফ্যালকনরা। আর এই ভরাডুবির দায় নিজের কাঁধে নিয়ে রবিবার সামাজিক মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সৌদি ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল-মিশেহাল। গত সাত বছর ধরে সভাপতির দায়িত্বে থাকা আল-মিশেহাল ২০৩৪ বিশ্বকাপের আয়োজক স্বত্ব পাওয়ার নেপথ্যের কারিগর ছিলেন। আল-মিশেহাল লিখেছেন, ‘এই ব্যর্থতা আমাদের উচ্চাকাক্সক্ষার সঙ্গে মেলে না। নতুন এক যুগের সুযোগ করে দিতেই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ বিপুল অর্থ বিনিয়োগের পরও সৌদির এই আকস্মিক বিদায় মরুভূমির ফুটবলে এক বড় ধাক্কা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত