এশিয়াডে নেই টিটির এক নম্বর খেলোয়াড়

গত বছর সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমসে রুপা জিতেছিলেন খই খই মারমা, যা দেশের টেবিল টেনিসে একটি ইতিহাস। অথচ দেশের এক নম্বর এই খেলোয়াড়ই এশিয়ান গেমসে যেতে পারছেন না। বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট। তার কথা, ‘প্রথম সিলেকশনিং খেলায় অংশ না নেওয়ায় কোনোভাবেই খই খইকে আর এশিয়াডের সিলেকশনে গ্রহণ করা হবে না।’

র‌্যাংকিং ও নির্বাচন প্রক্রিয়ার জটিলতায় বলি হলেন দেশের সেরা এই খেলোয়াড়। এশিয়ান গেমসের দল নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই খেলোয়াড়দের সঙ্গে ফেডারেশনের কর্মকর্তাদের শীতল সম্পর্ক চলছিল।

আগামী জুলাই-আগস্টে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। এই আসরকে সামনে রেখে প্রায় এক মাস আগে প্রথম বাছাই অনুষ্ঠিত হয়। জানা গেছে, পরীক্ষা থাকায় ওই বাছাইয়ে অংশ নিতে পারেননি খই খই মারমা। বিষয়টি উল্লেখ করে তিনি ফেডারেশনের কাছে সময় চেয়ে আবেদনও করেছিলেন। তবে সেই আবেদন আমলে নেয়নি ফেডারেশন। এরপর গত শনিবার অনুষ্ঠিত দ্বিতীয় বাছাইয়েও তাকে ডাকা হয়নি।