মাতৃত্বকালীন সুবিধা সীমিত কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়

কোনো নারী কর্মীর মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করা সংক্রান্ত শ্রম আইনের ৪৬ (১) ও ৪৬ (২) ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে তৃতীয় বা পরবর্তী সন্তানের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করা সংক্রান্ত বাংলাদেশ সার্ভিস রুলসের ১৯৭ (১) ও (১ এ) বিধি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চেয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল দেয়। চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের দুই সচিব, জনপ্রশাসন সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, সমাজকল্যাণ সচিব, স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলেছে আদালত। ২০০৬ সালের শ্রম আইনের প্রসূতি কল্যাণ সুবিধা প্রাপ্তির অধিকার এবং প্রদানের দায়িত্ব সংক্রান্ত ৪৬ ধারা এবং বিএসআরর প্রসূতি ছুটি সংক্রান্ত ১৯৭ বিধির বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে গত ১৫ জুন এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।