চিফ প্রসিকিউটর বললেন

আমরাও চাই শেখ হাসিনা দেশে এসে মামলা মোকাবিলা করুন

ভারত থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা একটি ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘আমরাও চাই, তিনি দেশে এসে মৃত্যুদ-ের বিরুদ্ধে আপিল ফাইল করে মামলা মোকাবিলা করুক।’ গতকাল ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। আন্দোলন দমনে হাজারের বেশি মানুষ হত্যার অভিযোগে তার বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত নভেম্বরে শুনানি শেষে শেখ হাসিনাকে মৃত্যুদ-াদেশ দেয় ট্রাইব্যুনাল। পলাতক থাকায় শেখ হাসিনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের সুযোগ পাননি। প্রায় দুই বছর ধরে ভারতে থাকা শেখ হাসিনা গত রবিবার ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে বলেন, চলতি বছরেই বাংলাদেশে ফিরতে চান তিনি।  

গতকাল এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, ‘তিনি (শেখ হাসিনা) আসবেন ভারতে থেকে বলেন, বাংলাদেশে তার কিছু রাজনৈতিক অনুসারীও বলেন। এটা কি রাজনৈতিক উদ্দেশ্যে বলেন নাকি তার পক্ষে জনমত তৈরি করা, নাকি মানুষকে বিভ্রান্ত করার জন্য বলেন, আমার কাছে মনে হয়, এসব কিছুই হচ্ছে একটা রাজনৈতিক স্ট্যান্টবাজি।’

চিফ প্রসিকিউটর বলেন, ‘ওনাকে যদি ফিরে আসতে হয়, আমরাও তো চাইÑ উনি ফিরে আসুক, তার আপিলটা ফাইল করে তিনি মামলা মোকাবিলা করুক। কিন্তু তিনি তো আসছেন না।’ তিনি বলেন, ‘একটা বিচারের মধ্যে বহুবার তাকে আসার জন্য ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কিন্তু তিনি আসলেন না। তিনি তার মামলাটাকে মোকাবিলা করলেন না। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, সেই অভিযোগ তিনি চ্যালেঞ্জ করলেন না। বরঞ্চ তার বিরুদ্ধে যে অভিযোগ, আর তিনি যে ভাষায় কথা বলেন, তিনি তো সব অপরাধ স্বীকারই করেন।’