জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, আটক যুবক 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসিতে) নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ করতে গিয়ে আটক হয়েছেন বহিরাগত এক যুবক।

সোমবার (২৯ জুন) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আটক হন ওই বহিরাগত যুবক।

আটককৃত যুবক হলেন- কেরানীগঞ্জের বাসিন্দা রিয়াজ আহমেদ (রাজ)। তিনি আরএফএল ইলেকট্রনিক্স গ্রুপের ব্রাঞ্চ ম্যানেজার বলে জানান।

অভিযোগপত্র ও ভুক্তভোগীর সহপাঠীদের সূত্রে জানা যায়, অভিযুক্ত রিয়াজ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে প্রবেশ করেন। এ সময় এক নারী শিক্ষার্থী তাকে ওয়াশরুমের ভেতরে দেখতে পেয়ে তার পরিচয় ও সেখানে প্রবেশের কারণ জানতে চান। তবে অভিযুক্ত এ বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারায় ওই শিক্ষার্থী বাইরে অবস্থানরত অন্যান্য শিক্ষার্থীদের বিষয়টি জানান। 

পরে উপস্থিত শিক্ষার্থীরা রিয়াজকে আটক করে তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করলে সেখানে নারী শিক্ষার্থীদের গোপনে ধারণ করা একাধিক ভিডিও পাওয়া যায়। এছাড়া তার ফোনে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের অস্তিত্বও পাওয়া যায়, যেগুলোর সঙ্গে এ ধরনের ভিডিও আদান-প্রদানের সংশ্লিষ্টতা রয়েছে। একই সঙ্গে তার মোবাইল ফোনে পূর্বে ধারণ করা নারীদের আরো ভিডিও পাওয়া যায়।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ও প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিষয়টি আশুলিয়া থানার পুলিশকে অবহিত করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। ঘটনাটি জানার পর প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর আলী বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হবে। মামলার পর তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।