জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও ‘ফ্যাসিস্ট হাসিনার পলায়ন ও পতন দিবস-২০২৬’ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, বিজয় শোভাযাত্রা ও শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে জীবিত রাখতে হলে শুধু আনুষ্ঠানিক আয়োজন যথেষ্ট নয়। নতুন প্রজন্মকে গান, কবিতা, নাটক, গল্প, ধর্মীয় গ্রন্থ পাঠ এবং ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে।
তিনি বলেন,আমরা খুব অল্প সময়ের মধ্যেই তাদের অবদান ভুলতে বসেছি, যা উদ্বেগজনক। তাই শহীদদের স্মৃতি সংরক্ষণ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শিষ্টাচার চর্চার পাশাপাশি বিভাজন ও ঘৃণার রাজনীতি থেকে দূরে থাকতে হবে। তাহলেই জুলাইয়ের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বাঁচিয়ে রাখা সম্ভব।
বক্তব্য শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিজয় শোবাযাত্র বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক ঘুরে‘অদম্য-২৪’ ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. সোহেল রানা, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, জাকসুর-বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা,বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজন অংশ নেয়।
এর আগে সকাল সাড়ে ৫টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) আয়োজনে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। এ ছাড়া ‘ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস’ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে রাতে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবারের আয়োজন করা হয়।
