জাবি প্রশাসনের আবাসন সিদ্ধান্ত প্রত্যাখ্যান জাকসুর

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৭:০৫ পিএম

ছাত্রত্ব শেষ হওয়ার পরও জাকসু ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের পদের মেয়াদ পর্যন্ত আবাসিক হলে থাকার সুযোগ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।একইসঙ্গে, সিদ্ধান্তটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকসুর সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সম্মতি ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রশাসন একতরফাভাবে এ সিদ্ধান্ত নিয়েছে এবং তা জাকসুর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এতে আবাসিক হলের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি ছাত্রদের হলে অবস্থানের সুযোগ তৈরি হবে এবং বিলুপ্তপ্রায় গণরুম ও গেস্টরুম সংস্কৃতি পুনরায় ফিরে আসার আশঙ্কা রয়েছে।এছাড়া, জাকসুকে বিতর্কিত করে বিশেষ একটি পক্ষকে সুবিধা দেওয়ার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়।

জাকসুর পক্ষ থেকে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, অধ্যাদেশ ও গঠনতন্ত্র সংশোধন ছাড়া এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ আইনগত ও প্রশাসনিকভাবে গ্রহণযোগ্য নয়। তাই এ সিদ্ধান্তের দায় জাকসু নেবে না এবং অবিলম্বে অফিস আদেশটি প্রত্যাহারের দাবি জানাচ্ছে।

এর আগে বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ. বি. এম. আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, পদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত জাকসু ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা আবাসিক হলে অবস্থান করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত