স্বস্তিকাকে নিয়ে শুরু ‘দিদি নাম্বার ওয়ান’

নতুন ‘দিদি’কে কেমন লাগল টলি অভিনেত্রীদের

পশ্চিমবঙ্গের জি বাংলা চ্যানেলের বহুল আলোচিত রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ থেকে বিদায় নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন অনুষ্ঠানটির সফল উপস্থাপক রচনা ব্যানার্জি। তার বদলে নতুন ‘দিদি’ হয়ে এসেছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তাকে নিয়ে সোমবার (২৯ জুন) থেকেই শুরু হয়েছে রিয়েলিটি শোর নতুন সিজন। 

সঞ্চালকের পাশাপাশি নতুন সিজনে খেলার ধাঁচও বদলেছে। অগ্রজকে ধন্যবাদ জানিয়েই নিজের নতুন সফর শুরু করেন স্বস্তিকা। সকলের সঙ্গে খেলা, গল্প, আড্ডায় মজেন নায়িকা। মাঝে বাবার প্রসঙ্গ উঠতে কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েন তিনি। খোঁপায় জুঁইফুলের মালা। গোলাপি সাজে সেজে নতুন ‘দিদি’ হয়ে ছোটপর্দায় আসেন স্বস্তিকা। 

প্রথম পর্বে স্বস্তিকাকে দেখে কেমন লাগল টলিপাড়ার শিল্পীদের? বিষয়টি নিয়ে বেশ কয়েকজন তারকাদের মন্তব্য নিয়ে একটি প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রথম পর্ব দেখে স্বস্তিকাকে দেখে তাকে শুভেচ্ছা জানাতে ভুললেন না জুন মালিয়া। তিনি বলেন, ‘স্বস্তিকাকে অনেক শুভেচ্ছা। ও তো খুব হাসিখুশি মানুষ। সেই ছবিটাই সঞ্চালনাতেও দেখলাম। খুবই ভাল লেগেছে। স্বস্তিকার সাজটাও আমার খুব ভাল লেগেছে।” মাঝে একটি সিজ়নের স়ঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন জুন। সেই প্রসঙ্গেও তিনি বলেন, “আমরা না চাইলেও, দর্শক তুলনা টানবেই। আমার সঞ্চালনার সময়েও তুলনা হয়েছিল। তবে তখন টিআরপি ভাল ছিল। আমার মনে আছে অভিজিৎ (পরিচালক) এসে বলেছিল, ‘তুমি ভাল নম্বর নিয়ে পাশ করেছ’। প্রত্যেক স়ঞ্চালক নিজের স্বাদ আনেন। স্বস্তিকাও সে ভাবেই সাজিয়ে নেবে আশা করছি।’ 

অভিনেত্রী তনিমা সেন অবশ্য সঞ্চালক হিসাবে স্বস্তিকাকেই কিছুটা এগিয়ে রেখেছেন। তিনি বলেন, ‘অন্তর থেকে বলছি, স্বস্তিকাকে আমার খুব ভাল লেগেছে নতুন দিদি হিসাবে। জাঁকজমক উপস্থিতি বেশ। ওকে মিষ্টি দেখতে লাগছে। খুব স্বচ্ছন্দ্য লেগেছে। নিশ্চয়ই অনেকের মনে দ্বিধা ছিল যে, রচনার পরে কেমন লাগবে স্বস্তিকাকে? তবে আমার কিন্তু ওকে একটুও আড়ষ্ট মনে হয়নি।’ 

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, ‘স্বস্তিকাদি তো আমার লেডি-ক্রাশ। আমার ভীষণ পছন্দের অভিনেত্রী। আমি দেখলাম, স্বস্তিকাদির থেকে তো চোখ সরানো যাচ্ছে না। আমি পাঁচ বার গিয়েছি এই অনুষ্ঠানে। জানি, তুলনা আসবে। রচনাদি যেমন যে কোনও ধরনের মানুষের সঙ্গে সহজে মিশে যেতে পারতেন। আমার বিশ্বাস স্বস্তিকাদিও পারবেন। কারণ, স্বস্তিকাদি খুবই সংবেদনশীল, প্রতিবাদী, স্পষ্টবক্তা। দু’জনেই নিজেদের ক্ষেত্রে সেরা।’ 

ওই অনুষ্ঠানে খেলতে গিয়েছেন পায়েল সরকারও। নতুন ‘দিদি নাম্বার ওয়ান’ দেখেছেন তিনিও। অভিনেত্রীর ভাষ্য, ‘ভীষণই জাঁকজমকপূর্ণ ছিল প্রথম পর্ব। রচনাদির সঙ্গে কখনও তুলনা টানাই উচিত নয়। যে কোনও সঞ্চালকের নিজস্ব ভাবনা থাকে। প্রত্যেকের ভাবনা, কথা বলার ধরন, মানুষের সঙ্গে মিশে যাওয়ার কায়দা আলাদা হয়। আমার রচনাদিকেও যেমন ভাল লাগত, স্বস্তিকাদিকেও প্রথম পর্বে দেখে দারুণ লাগল।’ 

ছোটপর্দার অভিনেত্রী ঊষসী রায় জানালেন, তিনিও স্বস্তিকাকে দেখে খুবই উত্তেজিত। আগে অনেক বার এই অনুষ্ঠানে গিয়েছেন তিনি। সেই সময়ে রচনা-সঞ্চালিত অনুষ্ঠানে খেলতে গিয়ে মজাও করেছেন। আগামী দিনেও একই ভাবে আনন্দ করতে পারবেন। স্বস্তিকা সঞ্চালিত দিদি নাম্বার ওয়ানের প্রথম পর্বও তিনি খুবই উপভোগ করেছেন।