হাওরাঞ্চলের সাড়ে তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবা এবং মেডিকেল শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিতের দাবিতে রাজপথে নেমেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। হাসপাতাল চালুর সুনির্দিষ্ট ‘রোডম্যাপ’ ঘোষণার দাবিতে মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টা থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাঁশ ফেলে অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
দাবি আদায়ের আন্দোলনের দশম দিনে এসে শিক্ষার্থীদের এই কঠোর কর্মসূচির কারণে মহাসড়কের দুই পাশে চার কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়, এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, হাসপাতালটি চালুর বিষয়ে কর্তৃপক্ষ বারবার মিথ্যা আশ্বাস দিয়ে আসছে।
২০২৪ সালের ২৪ জুন এবং পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবর মাসে হাসপাতালটি চালু করার চূড়ান্ত সময়সীমা (ডেডলাইন) দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে এসেও কর্তৃপক্ষ এখনো নানা অজুহাত দেখিয়ে সময় পার করছে।
আন্দোলনরত এক মেডিকেল শিক্ষার্থী বলেন, আমাদের শিক্ষাজীবন এবং হাওরাঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে এই অবহেলা আর মেনে নেওয়া যায় না। হাসপাতাল চালু না হওয়ায় আমরা ক্লিনিক্যাল ক্লাস করতে পারছি না, যা আমাদের চিকিৎসক হওয়ার স্বপ্নকে হুমকির মুখে ফেলছে। অন্যদিকে সাধারণ মানুষ আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এদিন সকাল থেকেই শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে অবস্থান নেন। সড়কে বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা ‘শিক্ষা জীবন নিয়ে ছিনিমিনি, চলবে না চলবে না’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, এবং ‘হাসপাতাল চালুর রোডম্যাপ, ঘোষণা কর করতে হবে’ এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলে জনদুর্ভোগের কথা চিন্তা করে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা নিজেদের দাবিতে অনড় থেকে জানান, প্রশাসনের কোনো দায়িত্বশীল ব্যক্তি এসে হাসপাতাল চালুর লিখিত রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না এবং আন্দোলন অব্যাহত থাকবে।