গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৩০৭ জনের শরীরে ইবোলা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া অন্তত ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত সোমবার রাতে প্রকাশিত হালনাগাদ তথ্যে দেশটির কর্র্তৃপক্ষ জানিয়েছে, ইতুরি, উত্তর কিভু এবং দক্ষিণ কিভু প্রদেশে রোগী শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চতুর্থ আরেকটি প্রদেশেও সংক্রমণ শনাক্ত হয়েছে।
কঙ্গো ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিকেল রিসার্চের (আইএনআরবি) একটি সূত্রের বরাতে জানা গেছে, ওত-উয়েলে প্রদেশেও ভাইরাসটির বিস্তার ঘটেছে, যার সীমান্ত দক্ষিণ সুদান ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সঙ্গে যুক্ত। সূত্রটি আরও জানায়, ইতুরির রাজধানী বুনিয়া থেকে একজন সংক্রমিত ব্যক্তি ওত-উয়েলে ভ্রমণ করার পর সেখানে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণের উৎস শনাক্ত এবং আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। ওত-উয়েলে এলাকায় ইবোলা ছড়িয়ে পড়ায় কঙ্গোর পুরো উত্তর-পূর্বাঞ্চলে আতঙ্ক দেখা দিয়েছে। এই অঞ্চলে প্রায় দেড় কোটি মানুষের বসবাস।