মাছের রেসিপি দিয়েছেন নাদিয়া নাতাশা
কাঁচকি মাছের পাকোড়া
উপকরণ
কাঁচকি মাছ ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, ধনে পাতা কুচি সিকি কাপ, রসুন বাটা আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, টালা জিরা গুঁড়া সিকি চা চামচ, লবণ স্বাদমতো ১ চা চামচ, ময়দা ৪ টেবিল চামচ, চালের গুঁড়া ২ চা চামচ, তেল ভাজার জন্য ১ কাপ।
যেভাবে তৈরি করবেন
কাঁচকি মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি বাটিতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনে পাতা কুচি, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, টালা জিরা গুঁড়া, লবণ, ময়দা, চালের গুঁড়া নিয়ে সব একসঙ্গে ভালো করে মেখে নিন। এবার এর মধ্যে কাঁচকি মাছ দিয়ে হালকা হাতে আবার সব একসঙ্গে মেখে নিন। একটি পাত্রে পরিমাণমতো তেল গরম দিন। তেল গরম হয়ে গেলে চুলার আঁচ মাঝারি করে দিয়ে চামচের বাঁ হাতের সাহায্যে যতটা সম্ভব গোল করে অল্প অল্প মাখানো মাছ নিয়ে তেলে ছাড়–ন। পাকোড়াগুলো ডুবো তেলে লালচে করে ভেজে তুলুন। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
ইলিশের টক
উপকরণ
ইলিশ মাছ ৩ পিস, তেতুলের কাথ ২ টেবিল চামচ, লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, চিনি আধা চা চামচ, সরিষার তেল ১ চা চামচ, শুকনো মরিচ ২টা, তেল ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
মাছ ধুয়ে লবণ হলুদ মেখে ভেজে নিন। কড়াইতে তেল দিয়ে গরম হলে সরিষা ও শুকনো মরিচের ফোড়ন দিন। এরপর তেতুলের কাথ ও হলুদ দিন। কিছুক্ষণ কষিয়ে পানি ও লবণ দিন। ফুটে উঠলে মাছ দিন। কিছুক্ষণ ঢেকে রেখে নামানোর আগে চিনি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন।
কালোজিরায় টেংরা বেগুন
উপকরণ
টেংরা মাছ ৮টা, বেগুন ১টা, কাঁচা মরিচ ২টা, পেঁয়াজ বাটা ২ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কালোজিরা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
প্রথমে টেংরা মাছ লবণ ও হলুদ দিয়ে ১০ মিনিট ম্যারিনেট করে রেখে দিন। এবার ফ্রাইপ্যানে তেল গরম করে হালকা লাল করে ভেজে তুলে নিয়ে প্যানে আরও একটু তেল দিয়ে কালোজিরা, কাঁচা মরিচ দিয়ে ভাজুন। এরপর সব মসলা দিয়ে হাল্কা আঁচে একটু কষান। তেল ছেড়ে দিলে বেগুন টুকরা করে দিন। কিছুক্ষণ পর ২ কাপ পানি দিন। মাঝারি আঁচে প্যানে ঢাকা দিয়ে বেগুন সেদ্ধ করুন। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে ভাজা মাছগুলো তার মধ্যে দিয়ে দিন। কিছুক্ষণ একসঙ্গে ফোটান। এরপর লবণ দিন। পানি কমে এলে আঁচ বন্ধ করে নামিয়ে নিন।
সরিষা পোস্ত ভাপা চিংড়ি
উপকরণ
গলদা চিংড়ি ৮টা, পেঁয়াজ কুচি ১ কাপ, সরিষা বাটা ১ চামচ, পোস্ত বাটা ১ চা চামচ, হলুদ বাটা আধা চামচ, কাঁচা মরিচ ফালি ৬টি, লবণ আধা চা চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
চিংড়ি মাছ খোসা ও পিঠের শিরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন। এবার একটি পাত্রে পেঁয়াজ কুচি, সরিষা বাটা, পোস্ত বাটা, কাঁচা মরিচ ফালি, হলুদ বাটা, লবণ ও সরিষার তেল দিয়ে মাছগুলো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। একটি স্টিলের বড় টিফিন কৌটার মধ্যে রেখে দিন। একটি বড় কড়াইতে অর্ধেকটা পানি ফুটতে দিন। ঐ গরম পানিতে টিফিন কৌটাটা দিয়ে দিন। ১৫ মিনিট পর গ্যাস বন্ধ করে দেবেন। ১০ মিনিট পর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি ভাপা।