ভ্রমণে বের হওয়ার আনন্দের সঙ্গে আরেকটি কাজ করতে হয়, তাহলো ব্যাগ গোছানো। আর এই কাজে সবচেয়ে বেশি ঝামেলায় পড়েন যারা নিয়মিত ত্বক ও চুলের যতœ নেন। ড্রেসিং টেবিলের সব পণ্য তো সঙ্গে নেওয়া সম্ভব নয়। আবার প্রয়োজনীয় প্রসাধনী বাদ দিলে ভ্রমণের ক্লান্তি মুখে ফুটে উঠতে পারে। তাই এখন অনেকের ভরসা ট্রাভেল-ফ্রেন্ডলি বিউটি প্রোডাক্ট।
এ ধরনের পণ্য আকারে ছোট, বহনে সহজ এবং ভ্রমণের জন্য বিশেষভাবে তৈরি। ব্যাগের জায়গা কম নেয়, ওজনও বাড়ায় না। ফলে প্রয়োজনীয় যতœও হয়, আবার লাগেজও থাকে হালকা।
ভ্রমণবন্ধু প্রসাধন
শুধু ছোট হলেই কোনো পণ্য ট্রাভেল-ফ্রেন্ডলি হয়ে যায় না। ভালো ট্রাভেল প্রোডাক্টের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে। আকারে ছোট ও বহনে সহজ। মজবুত প্যাকেজিং, যাতে চাপে ভেঙে না যায়। লিক-প্রুফ ক্যাপ বা পাম্প-লক ব্যবস্থা। একাধিক কাজে ব্যবহার করা যায় এমন মাল্টিপারপাস সুবিধা। বিমান ভ্রমণের ক্ষেত্রে ১০০ মিলিলিটারের কম তরল ধারণক্ষমতা। এসব কারণে ভ্রমণের সময় বড় বোতল বা ভারী প্রসাধনীর পরিবর্তে ছোট সংস্করণ ব্যবহার করাই সুবিধাজনক।
যা থাকবে সঙ্গে
ভ্রমণে যত কম জিনিস বহন করতে হবে, তত স্বস্তিতে চলাফেরা করা যাবে। বড় বোতল ভেঙে যাওয়া বা লিক করার ঝুঁকিও থাকে। প্রয়োজন মতো ছোট পরিমাণে পণ্য নিয়ে বের হওয়া ভালো।
লিপ অ্যান্ড চিক টিন্ট : একটি ছোট টিন্ট দিয়েই ঠোঁট, গাল এমনকি চোখের পাতাতেও হালকা রঙের ছোঁয়া দেওয়া যায়। আলাদা লিপস্টিক, ব্লাশ বা আইশ্যাডো বহনের প্রয়োজন পড়ে না।
বিবি বা সিসি ক্রিম : ময়েশ্চারাইজার, সানস্ক্রিন ও হালকা ফাউন্ডেশনের কাজ একসঙ্গে করে। ত্বককে আর্দ্র রাখার পাশাপাশি মুখে এনে দেয় সতেজ ও প্রাকৃতিক লুক।
অল-পারপাস বাম : ঠোঁট ফাটা রোধ করা ছাড়াও শুষ্ক ত্বক, কনুই, গোড়ালি কিংবা নখের চারপাশের ত্বকের যতেœ বেশ কার্যকর। এলোমেলো চুলও কিছুটা গুছিয়ে নিতে সাহায্য করে।
মেকআপ স্টিক : ফাউন্ডেশন, কনট্যুর বা হাইলাইটার স্টিক ব্যবহার করা সহজ। ব্রাশ ছাড়াই আঙুল দিয়ে ব্লেন্ড করা যায়। ভ্রমণের সময় এটি বেশ সুবিধাজনক।
ক্লিনজার ও মাইসেলার ওয়াটার : দিনভর ঘোরাঘুরির পর মুখের ধুলাবালি ও মেকআপ পরিষ্কার করতে ট্রাভেল সাইজের ক্লিনজার বা মাইসেলার ওয়াটার রাখতে পারেন।
সানস্ক্রিন স্টিক : ছোট, সহজে বহনযোগ্য এবং যেকোনো সময় দ্রুত ব্যবহার করা যায়। বাইরে থাকলে কয়েক ঘণ্টা পরপর সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।
শিট মাস্ক : সারা দিনের ক্লান্তির পর রাতে শিট মাস্ক ত্বকে এনে দিতে পারে সতেজ অনুভূতি।
ড্রাই শ্যাম্পু : প্রতিদিন চুল শ্যাম্পু করার সুযোগ না থাকলে ড্রাই শ্যাম্পু চুলের অতিরিক্ত তেলভাব কমিয়ে চুলকে ফ্রেশ দেখাতে সাহায্য করে।
রোল-অন পারফিউম : বড় ও ভারী পারফিউমের বোতলের পরিবর্তে ছোট রোল-অন পারফিউম সহজে ব্যাগে রাখা যায়, ব্যবহারও সুবিধাজনক।
টিপস
তরল পণ্যের বদলে সলিড সাবান বা শ্যাম্পু বার ব্যবহার করতে পারেন। অল্প কয়েক দিনের ট্যুর হলে কন্টাক্ট লেন্স কেসে অল্প পরিমাণ ফাউন্ডেশন বা ক্রিম রাখা যেতে পারে। তরল পণ্যের ঢাকনার ভেতরে প্লাস্টিকের স্তর লাগিয়ে নিলে লিক হওয়ার ঝুঁকি কমে। প্রয়োজনের অতিরিক্ত কিছু না নিয়ে প্রতিদিন ব্যবহার করেন এমন পণ্যই সঙ্গে রাখুন।
ভ্রমণের আসল আনন্দ হলো নতুন জায়গা দেখা এবং নিজেকে সতেজ করে তোলা। তাই সৌন্দর্যচর্চার জন্য পুরো ড্রেসিং টেবিল নয়, বরং প্রয়োজনীয় কিছু স্মার্ট ও ট্রাভেল-ফ্রেন্ডলি পণ্যই হতে পারে আপনার সেরা সঙ্গী। এতে ব্যাগ থাকবে হালকা আর আপনিও থাকবেন আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত।