সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মামলায় বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি

গত ১০-১৫ বছরের তুলনায় দেশে খুন, ডাকাতিসহ সার্বিক অপরাধ কমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখানোর কারণ হিসেবে তিনি বলেছেন, ‘এখন থানায় গিয়ে মামলা করতে কোনো সামাজিক বা রাজনৈতিক বাধা নেই, তাই রেকর্ডের সংখ্যা বেড়েছে।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ এবং এর ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা মঞ্জুরির দাবি পেশ করা হয়। বিরোধীদলীয় সংসদ সদস্যরা এ দাবি ছাঁটাই করে বরাদ্দ ১ টাকা করার প্রস্তাব করেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করেন।

ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সংবাদমাধ্যমের পরিসংখ্যান তুলে ধরে বলেন, গত মার্চ ও এপ্রিলে সারা দেশে ৬০৫ খুন, ২৯৪ ছিনতাই, ৯০ ডাকাতি, ১৯৬  অপহরণ ও তিন হাজার ৪৯৬টি নারী-শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। প্রতিদিন ১০টির বেশি খুন হচ্ছে।

আইনজীবীদের ব্যান্ড পরে অধিবেশনে আসা রুমিন ফারহানা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করে বলেন, ‘এই যখন আমাদের সিকিউরিটির অবস্থা, তখন আমরা ৩১ হাজার কোটি টাকার বেশি দাবি তুলছি!স্বরাষ্ট্রমন্ত্রী যদি তার কাজ মন্ত্রণালয়ে ছড়িয়ে দিতে পারতেন, তাহলে ১ টাকা করার প্রস্তাব রাখতাম না।’

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল খালেক মাদকের ভয়াবহতার কথা তুলে ধরে বলেন, ‘ইউনিয়ন ও মহল্লাভিত্তিক ‘গ্রামপুলিশ’ নিয়োগ করে তাদের মাধ্যমে মাদক ও দুর্নীতি বন্ধে কার্যকরী ব্যবস্থা নিতে হবে এবং এ খাতে বরাদ্দ বাড়াতে হবে।’

সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গত ১০-১৫ বছরের তুলনায় খুনের চিত্র, নারী ও শিশু নির্যাতনের চিত্র, ডাকাতির পরিসংখ্যানে আমরা ঐতিহাসিকভাবে উন্নত অবস্থায় আছি। তবে একটি ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, ধর্ষণের কেস রেকর্ডের ক্ষেত্রে আমরা একটু বেশি চিত্র পেয়েছি। এর কারণ আগে সামাজিক বা রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ধর্ষিতারা থানায় যেতে পারত না। এখন থানায় গিয়ে বা অনলাইনে অভিযোগ করতে পারে। এখানে  ইন্টারফেয়ারেন্স নেই বলেই নম্বরটা একটু বেড়েছে। তবে সুখের কথা হলো  ঘটনা যেখানেই ঘটুক, পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে।’

গ্রামপুলিশের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণের প্রস্তাবকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, ‘জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ও সামাজিক মোটিভেশন ছাড়া কোনো দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয় না।’ মন্ত্রণালয়ের বাজেটের বিষয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ক্যাবিনেটে বাজেট অনুমোদনের সময় জানতে চেয়েছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ কতটুকু বেড়েছে? গত বছরের চেয়ে এবার ৫-৭০০ কোটি টাকা বেড়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া প্রতিরোধ আইনের মতো বিষয়গুলো পাস হওয়ার পর প্রকল্প অনুযায়ী আমরা আরও বরাদ্দ চাইব।’

রুমিন ফারহানার পোশাকের বিষয়ে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘সংসদের নিজস্ব কার্যপ্রণালি বিধি রয়েছে, এখানে বাইরের কোনো বিধি চলে না বা পোশাকে কোনো নিষেধাজ্ঞা নেই। তার পরা পোশাকটি অত্যন্ত শোভন।’ 

সাইবার সুরক্ষা আইন সংশোধন : অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া রুখতে জাতীয় সংসদে সর্বসম্মতিতে ‘জুয়া প্রতিরোধ আইন-২০২৬’ পাস হয়েছে। আইনে অপরাধের সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদ- এবং সর্বোচ্চ পাঁচ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ১৫৯ বছরের পুরনো আইন বাতিল করে নতুন আইনটি প্রণয়ন করা হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৯তম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য উপস্থাপন করলে তা সর্বসম্মতিতে কণ্ঠভোটে পাস হয়। এরপর ‘সাইবার সুরক্ষা (সংশোধন) বিল-২০২৬’ পাস হয়। ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন।

পাস হওয়া জুয়া প্রতিরোধ বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যমান ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট-১৮৬৭’ দেড় শতাধিক বছরেরও বেশি পুরনো। অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া প্রতিরোধে বিদ্যমান আইনি কাঠামো অকার্যকর ও অপর্যাপ্ত হয়ে পড়েছিল। এ কারণে পুরনো আইনটি রহিত করে কঠোর সাজার বিধান রেখে নতুন আইনটি প্রণয়ন করা হয়েছে।

আইনে বলা হয়েছে, জুয়ার উদ্দেশ্যে অর্থ জমা, উত্তোলন বা স্থানান্তর, বিদেশি অনলাইন জুয়া প্ল্যাটফর্মের প্রতিনিধি বা এজেন্ট হিসেবে কাজ করা, সামাজিক মাধ্যমে জুয়ার পেজ বা চ্যানেল পরিচালনা করা শাস্তিযোগ্য অপরাধ। আইনটি অবিলম্বে কার্যকরী করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।