ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ বছর বয়সী এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। মঙ্গলবার দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল সহ দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের বৃহত্তর এলাকার বাসিন্দা ওই ব্যক্তি ইসরায়ানি গোয়েন্দাদের সন্দেহভাজন নজরদারির আওতায় ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ইরানের গোয়েন্দা সংস্থার নির্দেশে ইসরায়েলের বিভিন্ন সংবেদনশীল স্থাপনার ছবি তুলতেন। প্রতিটি দায়িত্ব সম্পন্ন করার বিনিময়ে তিনি কয়েকশ ডলার করে পারিশ্রমিক পেতেন।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, গত ৯ জুন দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত এর সহযোগিতায় এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। তবে এ অভিযানে কোন কোন বিদেশি গোয়েন্দা সংস্থা তথ্য সহায়তা দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্টের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিপন্ন করার অভিযোগে মামলা দায়ের করা হবে।