নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় লিংক রোডের পশ্চিম পাশে অবস্থিত মা মারজান এন্টারপ্রাইজ নামে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরিস্থিতি বিবেচনায় মণ্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে আরও ২ ইউনিট যোগ দেওয়া হয়। মোট চার ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগা গোডাউনের পাশেই ছিল একটি গাড়ির গ্যারেজ ও একটি মুদির দোকান। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই দোকানগুলোর মালামাল নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ সকালে জুটের গোডাউন থেকে ধোয়া উঠতে দেখা যায়। এরমধ্যে আগুনের লেলিহান শিখা অনেক উপরে উঠে যায়। ফায়ার সার্ভিস আসতে আসতে আগুনের ব্যাপকতা আরো বেড়ে যায়। এতে জুটের গোডাউন থেকে কাঠের মিলে ও চায়ের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। তখন আতংকে আশপাশের বাড়ি ঘরের লোকজন তাদের ঘরের আসবাবপত্র দুরে সরিয়ে নেয়। এসময় ফায়ার সার্ভিসের চাটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। দেড়শ ফুট লম্বাএকটি জুটের গোডাউন ও তার পাশে একটি চায়ের দোকান একটি কাঠের দোকানের আংশিক পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শিবু মার্কেট মর্ডান ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রন করেছে।