নারায়ণগঞ্জে মাদক উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে পরিবহনের অফিস কক্ষের মেঝের নিচে তৈরি করা গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ বোতলজাত মাদক স্কাফ উদ্ধার করেছে এসআরবি-১১।

এ ঘটনায় মাদক কারবারির সাথে জড়িত থাকার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৯৯ বোতল স্কাফের পাশাপাশি মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন লাঙ্গলবন্দ এলাকায় আসামিদের মালিকানাধীন একটি পরিবহনের অফিস কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১১ নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানটি পরিচালনা করে। অভিযানের সময় অফিসের একটি কক্ষের মেঝের নিচে  তৈরি গোপন সুড়ঙ্গসদৃশ গর্তের সন্ধান পান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের চোখ ফাঁকি দিয়ে ওই গোপন স্থানে মাদক মজুত করে রাখা হয়েছিল। পরে সেখান থেকে ৯৯ বোতল স্কাফ ও নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন আব্দুল করিম (৬০) ও তার ছেলে মো. মাসুম (৩২)। তাদের বাড়ি বন্দর থানার মুছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জগীপাড়া এলাকায়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১১ সিপিএসসি নারায়ণগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. হানিন আল তুরাবীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তিনি জানান গ্রেপ্তারকৃত আব্দুল করিমের অনেকগুলো ট্রাক রয়েছে। ওই জায়গাটিতে তিনি ট্রাকগুলো রাখেন এবং সেখানেই তার একটি অফিস রয়েছে। সেখান থেকেই মাদকগুলো উদ্ধার করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




সর্বশেষ সর্বাধিক পঠিত