প্রেসিডেন্ট ১০০% নিশ্চিত আর্জেন্টিনাকে হারাবে কেপ ভার্দে

বিশ্বকাপে রূপকথার জন্ম দিয়ে নকআউট পর্বে ওঠা কেপ ভার্দে এবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। দলটির ঐতিহাসিক এই পথচলার মাঝে নতুন করে আত্মবিশ্বাসের জ্বালানি জুগিয়েছেন খোদ দেশটির প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। তিনি বিশ্বাস করেন, আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রটি লিওনেল মেসির আর্জেন্টিনাকে স্তব্ধ করে দিয়ে বিশ্বকাপের ইতিহাসে এক অবিস্মরণীয় জয় ছিনিয়ে নিতে পারে।

বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট নেভেস আর্জেন্টিনার ফেভারিট তকমাকে উড়িয়ে দিয়ে বলেন, কেবল জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামবে তার দেশ।

"আমার মনে হয় কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে। আমরা জেতার জন্যই খেলছি। যখন কোনো দলের ওপর প্রত্যাশার চাপ কম থাকে এবং তাদের মধ্যে জেতার তীব্র আকাঙ্ক্ষা থাকে, তখন যেকোনো কিছুই সম্ভব।"

রাষ্ট্রপ্রধান আরও যোগ করেন যে, সব পূর্বাভাস ভুল প্রমাণ করাটাই তাদের দেশের অন্যতম বৈশিষ্ট্য। তিনি বেশ জোর দিয়ে বলেন, "কেপ ভার্দের মতো একটি ছোট্ট দেশের উচিত সবসময় মানুষকে চমকে দেওয়া। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জেতার সম্ভাবনা শতভাগ।"

ঐতিহ্য আর শক্তির বিচারে দুই দলের আকাশ-পাতাল তফাত থাকলেও, বিশ্বচ্যাম্পিয়নদের মোকাবিলা করাকে নিজেদের স্বপ্নপূরণ হিসেবে দেখছেন নেভেস। তিনি বলেন, "আমরা এই বিশ্বকাপে এসেছি নিজেদের ভাগ্য নিজেদের হাতে লিখতে, আর আমাদের ভাগ্যই ছিল চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়া। আমরা একই সংকল্প, একই ইচ্ছা এবং পরের রাউন্ডে যাওয়ার তীব্র ক্ষুধা নিয়ে আর্জেন্টিনা ও মেসির বিরুদ্ধে লড়ব।"