আমেরিকায় জন্ম 'মিলওয়াকি মেসি' খেলবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষেই 

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম

আমেরিকার উইসকনসিন রাজ্যের অ্যাপলটন ও মিলওয়াকির মাঠে শৈশব থেকে বেড়ে ওঠা এক ফুটবল বিস্ময় আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছেন। তবে গায়ে থাকবে বসনিয়া ও হার্জেগোভিনার জার্সি। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ রাত ১০টায় লেভিস স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে বসনিয়া। আর এই ম্যাচের মূল আকর্ষণ ২১ বছর বয়সী উইঙ্গার এসমির বাজরাকতারেভিচ, যাকে ফুটবল দুনিয়া চেনে 'মিলওয়াকি মেসি' নামে।

যুক্তরাষ্ট্রের যুব দলে দারুণ খেলে ২০২৪ সালের শুরুতে দলটির মূল দলের হয়ে একটি প্রীতি ম্যাচও খেলেছিলেন বাজরাকতারেভিচ। কিন্তু একই বছরের সেপ্টেম্বরে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন জন্মভূমির বদলে পূর্বপুরুষের দেশ বসনিয়ার হয়ে খেলার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ইউরোপীয় বাছাইপর্বে ইতালির বিপক্ষে জয়সূচক গোল করে বসনিয়াকে ইতিহাসের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার টিকিট এনে দেন তিনি।

ফিফার ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে বাজরাকতারেভিচ বলেন, "আমি যুক্তরাষ্ট্রের হয়ে খেলা শুরু করেছিলাম, তবে জানতাম যখন মূল জাতীয় দলে খেলার সময় আসবে, তখন কোনো ভুল করা যাবে না। আমি সবসময় জানতাম আমার মন বসনিয়ার সাথেই আছে।"

ছোটখাটো শারীরিক গঠন, চমৎকার ড্রিবলিং দক্ষতা এবং বল পায়ে গতি আর্জেন্টিনার কিংবদন্তীর লিওনেল মেসির কথা মনে করিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের প্রধান শহর 'মিলওয়াকি'র নাম জুড়ে ক্লাব সতীর্থরা তাকে তাকে "মিলওয়াকি মেসি" ডেকে থাকেন। 

নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেনের এই ফরোয়ার্ড মূলত বসনিয়ান ডায়াসপোরার (অভিবাসী) সন্তান। ১৯৯২ থেকে ১৯৯৫ সালের মধ্যে স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ডের পর তার পরিবার যুদ্ধবিধ্বস্ত দেশ ছেড়ে সুইজারল্যান্ড হয়ে আমেরিকায় আশ্রয় নেয়। সেখানেই জন্ম এসমিরের। নিজের শিকড় নিয়ে তিনি বলেন, "যুদ্ধের পর আমার পরিবার জীবন বাঁচাতে পালিয়ে আসে। দেশের জন্য লড়াই করাটা আমার কাছে অত্যন্ত গর্বের।"

আমেরিকান সংস্কৃতিতে বড় হলেও ঘরের ভেতর তিনি বড় হয়েছেন বসনিয়ান খাবার ও ফুটবলের আবহেই। বসনিয়া দলের হয়ে অভিষেকের দিনই নিজের আদর্শ এডিন জেকোর একটি গোলে অ্যাসিস্ট করেন তিনি। সম্প্রতি ইন্টারনেটে তার শৈশবের একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাকে ৪০ বছর বয়সী কিংবদন্তি জেকোর জার্সি পরে থাকতে দেখা যায়।

বসনিয়া দলের বর্তমান স্কোয়াডের ১৭ জন খেলোয়াড়েরই জন্ম দেশের বাইরে। তবে কোচ সের্গেই বারবারেজের কাছে এটি কোনো সমস্যা নয়। তিনি স্পষ্ট করে বলেন, "আমার কাছে কেবল একটি প্রশ্নের উত্তর গুরুত্বপূর্ণ—সে বসনিয়ার হয়ে খেলতে চায় কি না। এই আবেগ কখনো অভিনয় করে দেখানো যায় না।" দলের গোলরক্ষক ম্লাদেন জুকাসও যোগ করেন, "আমাদের জন্ম আলাদা জায়গায় হলেও, আমাদের শিকড় এক এবং সেটাই আমাদের ঐক্যবদ্ধ করে।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত