জার্মানির দায়িত্ব নিতে অদ্ভুত শর্ত ক্লপের

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম

বিশ্বকাপ থেকে জার্মানির আকস্মিক ও হতাশাজনক বিদায়ের পর মাঠের বাইরেও শুরু হয়েছে বড়সড় তোলপাড়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-জানিয়েছে , জার্মান ফুটবল ফেডারেশন যদি বর্তমান কোচ জুলিয়ান নাগেলসম্যানকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়, তবে জাতীয় দলের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন ইয়ুর্গেন ক্লপ।

কোয়ার্টার ফাইনালের আগেই শেষ ৩২-এর ম্যাচে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এই ভরাডুবির পর থেকেই কোচ নাগেলসম্যানের ওপর চাপ বাড়ছিল। তবে তিনি নিজে থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। ম্যাচ শেষে নাগেলসম্যান বলেন, "আমি পদত্যাগ করছি না। ২০২৮ ইউরো পর্যন্ত আমার চুক্তি রয়েছে।"

দ্য টেলিগ্রাফ জানায়, জার্মানির কোচ হওয়ার বিষয়ে ক্লপের সঙ্গে ইতিমধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ করা হয়েছে। লিভারপুলের সাবেক এই ম্যানেজারও প্রজেক্টটি নিয়ে বেশ আগ্রহী। কারণ, তার ক্যারিয়ারের অন্যতম প্রধান লক্ষ্য এখন একটি বিশ্বকাপ জয় করা। ২০২৪ সালের মে মাসে দীর্ঘ ৯ বছর পর লিভারপুলের কোচের পদ থেকে সরে দাঁড়ান ক্লপ। সে সময় ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে নিজের শক্তি ও ক্লান্তি ফুরিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

তবে জাতীয় দলের দায়িত্ব নিতে রাজি হলেও ক্লপ একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছেন। প্রথাগত জাতীয় দলের কোচদের মতো প্রতি সপ্তাহের উইকেন্ডে স্টেডিয়ামে গিয়ে সরাসরি ঘরোয়া লিগের ম্যাচ দেখার প্রচলিত সংস্কৃতিতে তিনি জড়াতে চান না। এর বদলে তিনি একটি আধুনিক কাজের কাঠামো চান, যেখানে তার সহকারী কোচ এবং স্কাউটিং স্টাফরা খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণ করবেন, যাতে তাকে প্রতিনিয়ত ভ্রমণ করতে না হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত