বালুবাহী ট্রলির চাপায় মাদরাসাছাত্রী

সহপাঠীর মরদেহ কাঁধে নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভোলার চরফ্যাশন উপজেলায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বালুবাহী ট্রলির চাপায় লিয়া বেগম (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ এবং দায়ীদের বিচারের দাবিতে নিহতের মরদেহ কাঁধে নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা।

বুধবার (১ জুলাই) সকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার-শশীভূষণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়া বেগম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শফিকুল ইসলামের মেয়ে। তিনি চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সকালে পরীক্ষা দিতে মাদ্রাসায় যাওয়ার পথে একটি দ্রুতগতির বালুবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, অতিরিক্ত গতির কারণেই ট্রলিটি নিয়ন্ত্রণ হারায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে সহপাঠীরা লিয়ার মরদেহ কাঁধে নিয়ে সড়কে নেমে বিক্ষোভ করেন এবং প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে শশীভূষণ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, ছাত্রী নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বালুবাহী ট্রলিটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।