নগরে মাদক সেবনের সময় মো. আজাদ নামে এক যুবককে গুলি করে হত্যা করে পালিয়ে গেছেন আরেক মাদকসেবী। আহত অবস্থায় আজাদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু ইসহাক আলম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। নগর পুলিশের উত্তর জোনের উপকমিশনার মো. হাসান মোস্তফা স্বপন জানান, বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে পাঁচলাইশ থানাধীন ফরেস্ট গেট এলাকার একটি মাদকের আস্তানায় এই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, আহত অবস্থায় আজাদকে নিয়ে বুধবার বিকেল পৌনে ৪টার দিকে ইসহাক আলম চমেক হাসপাতালে যান। চিকিৎসকরা পরীক্ষার পর গুলিবিদ্ধ হয়ে আজাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। আটক ইসহাক আলমের বাসাও একই এলাকায়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, ইসহাকের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়েছে৷ ঘটনার বিষয়ে ইসহাককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সিএমপির উপকমিশনার মো. হাসান মোস্তফা স্বপন আরও বলেন, 'ইসহাক গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে নেওয়ার পরেই ঘটনার কথা আমরা জানতে পারি। পরে ইসহাককে নিয়ে আমরা ঘটনাস্থল ফরেস্ট গেটের ভেতরে যাই। সেখানে ছোট্ট বাসার মতো একটি কক্ষ আছে। সেখানেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ইসহাক জানিয়েছে। তবে মাদকের আস্তানা হিসেবে ব্যবহৃত বাসাটি আজাদ বা ইসহাকের নয়। তাদের বাসা নগরের হামজারবাগ এলাকায়। কক্ষটিকে মাদক সেবনের আস্তানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ঘটনার সময় আজাদ, ইসহাক এবং আরও এক যুবক ওই কক্ষে ছিলেন। ঘটনার পর অজ্ঞাতনামা যুবক পালিয়ে যায়। আমাদের ধারণা, তারা মাদক সেবন করছিল। অজ্ঞাত যুবক গুলি করে আজাদকে খুন করে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'