র‍্যাবের অভিযান

সাতক্ষীরায় জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০১:০৮ এএম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষকুড়াতে অভিযান চালিয়ে জেলি পুশ করা ১৫০০ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। বুধবার (১ জুলাই) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিষকুড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ির ওজন বাড়াতে তরল জেলি পুশ করছে এমন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগ ও র‍্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরার সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, সিপিসি-১ কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ ও সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাফিউল ইসলাম।

সাতক্ষীরার সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অভিযানকালে ঘটনাস্থল থেকে জেলি পুশ করার বিপুল পরিমাণ সরঞ্জাম ও তরল জেলি উদ্ধারসহ ১৫০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে সেগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।

র‍্যাব-৬ সিপিসি-১ কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস করা হয়েছে এবং জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত