টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকায় রঙের কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকার বখতিয়ার ইসলামের ছেলে মো. ফরিদুল ইসলাম (২৫) এবং জিন্নত আলীর ছেলে মো. ইয়াছিন আলী (৩০)।
স্থানীয়রা জানান, যমুনা নদীর দুর্গম শুশুয়া চরে বুধবার বিকেলে তারা একটি নৌকায় একসঙ্গে রঙের (আলকাতরা) কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্বজনরা দুইজনের মরদেহ বাড়িতে নিয়ে যান। তাদের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুশুয়া চরে বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।