আইন সাংবাদিকতা বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল বুধবার দুপুরে বঙ্গভবনে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ‘সংবিধানের প্রাধান্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। বর্তমান সরকার সংবিধানের আলোকে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।’
রাষ্ট্রপতি আরও বলেন, ‘ল’ রিপোর্টার্সরা আদালতের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে বস্তুনিষ্ঠ সংবাদ দায়িত্বশীলতার সঙ্গে পরিবেশনে ভূমিকা পালন করেন। এ ছাড়া সহজ ভাষায় জনগণকে আইন বিষয়ে সচেতন করতে তারা তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছেন।’
এর আগে রাষ্ট্রপতি এলআরএফের রজতজয়ন্তী উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। ফোরামের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলে আরও ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সাঈদ আহমেদ খান, সহসভাপতি আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, যুগ্ম সম্পাদক আরাফাত মুন্না, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদ আখতার, কার্যনির্বাহী সদস্য ওয়াকিল আহমেদ হিরন, বিকাশ নারায়ণ দত্ত, হাবিবুর রহমান ও ফজলুল হক মৃধা। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ও সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মো. রাইসুল ইসলাম উপস্থিত ছিলেন।