আর্জেন্টিনা-ব্রাজিল খেলা নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা খুন

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৭:২৮ এএম

রাজধানীর আদাবরে ফুটবল খেলা দেখার সময় আর্জেন্টিনা-ব্রাজিল দ্বন্দ্বে সংঘর্ষে বিএনপি নেতা বাদশা মিয়া নিহত হয়েছেন। সংঘর্ষে আরেক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, বিশ্বকাপ ফুটবল খেলা কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বাদশা মিয়া নামে একজন মারা যান।

পুলিশ জানায়, গত সোমবার রাতে নবোদয় হাউজিংয়ে ব্রাজিল ও জাপানের ফুটবল খেলা কেন্দ্র করে দুই পক্ষের মারামারি হয়। একপক্ষে ছিলেন নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক বাদশা মিয়া। অন্যপক্ষে ছিলেন একই এলাকার রিপন ও পারভেজ। গতকাল সন্ধ্যায় দুই পক্ষই মীমাংসার জন্য নবোদয় হাউজিংয়ে সালিশে বসে। সমাধান না হওয়ায় সাদ্দাম ও বাদশা রাত ৮টার দিকে সেখান থেকে চলে যাওয়ার সময় পথিমধ্যে তাদের ওপর হামলা হয়। অন্যপক্ষের লোকজন তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা জানান, ফুটবল খেলা কেন্দ্র করে দুই পক্ষের মারামারি হয়েছিল। পরে তারা নিজেরায় মিটমাট করে নেওয়ার জন্য সালিশে বসে। সমাধান না হওয়ায় পরে হামলার ঘটনা ঘটে। জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত