গাজার শতভাগ এলাকার নিয়ন্ত্রণ চায় ইসরায়েল

গাজা উপত্যকার ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ দিন দিন আরও বৃদ্ধি পাবে এবং এটি ‘১০০ শতাংশ’ না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির জ¦ালানি ও অবকাঠামোমন্ত্রী এলি কোহেন। গতকাল বুধবার সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছেÑ ইসরায়েলি রেডিও স্টেশন গ্যালি ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহেন বলেন, ইসরায়েল কোনোভাবেই হামাসকে মাথা তুলে দাঁড়াতে দিতে পারে না; এমনকি এক মিলিমিটারের জন্যও না।

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর দখলদারিত্বের একটি পরিসংখ্যান তুলে ধরে এই মন্ত্রী আরও জানান, দুই মাস আগেও গাজার ৫৩ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল। এক মাস আগে তা বেড়ে প্রায় ৬০ শতাংশে পৌঁছায়। আর বর্তমানে গাজা উপত্যকার এই নিয়ন্ত্রণের পরিমাণ ‘৭০ শতাংশের কাছাকাছি’ পৌঁছে গেছে। তিনি আরও বলেন, সামরিক অভিযান চলতে থাকায় ইসরায়েলের নিয়ন্ত্রিত এলাকার পরিমাণ আরও বাড়বে এবং শেষ পর্যন্ত গাজার শতভাগ অঞ্চলই তাদের নিয়ন্ত্রণে আসবে। এদিকে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। এ ঘটনায় ইসরায়েলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।