নারায়ণগঞ্জে তোষকে মোড়ানো বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরনো সড়কে তোষকে মোড়ানো মোতালেব হোসেন নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোতালেব লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত ছলেমান মিয়ার ছেলে। তিনি মাসদাইর এলাকার সাজেদা মঞ্জিলে শ্বশুর বাড়িতে বসবাস করেন এবং মাসদাইর বাজারে সুমাইয়া টেলিকম ও বুক নামে ফ্যাক্সিলোডের দোকানের মালিক। 

নিহতের শ্যালক (অবঃ) সার্জন এমডি কামাল জানান, গতকাল ১ জুলাই সকাল আটটায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুজি পর রাতে ফতুল্লা মডেল থানার একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে এসে সড়কে তোষকে মোড়ানো অবস্থায় মরদেহ দেখে শনাক্ত করেন। হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার বিচারের দাবি করেন তিনি। 

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোঃ ওয়াসিম খান  জানান, ধারণা করা হচ্ছে তাকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা পর পরিচয় গোপন ও মরদেহ গুমের উদ্দেশ্যে তোষকে মুড়িয়ে সড়কে ফেলে দেয় দুর্বৃত্ত। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত আসামীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।