ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকায় এইচএসসি পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে কাচিঝুলী মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মধ্যবাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত দুই বছর ধরে তিনি নগরীর কাচিঝুলী মসজিদ রোডের ২/ক/৩ নম্বর হোল্ডিংয়ের ‘নাসা টাওয়ার’ ভবনের একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এর কয়েক ঘণ্টা আগে তিশা গুরুতর আহত অবস্থায় ভবনের নিচে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সকালে মেসের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকায় ঘটনার সময় ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কিছু জানাতে পারেননি। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। পরীক্ষা-সংক্রান্ত মানসিক চাপ নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।