মাসখানেক আগে বেড়ে যাওয়া চালের দাম কমেনি। উচ্চমূল্যে স্থিতিশীল অবস্থায় রয়েছে। সপ্তাহের ব্যবধানে পরিবর্তন নেই সবজির বাজারে। ফার্মের ডিমের দাম খানিকটা কমলেও সামান্য বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর বৃহস্পতিবারের বাজার বিশ্লেষণের তথ্য বলছে, এক মাসের ব্যবধানে চিকন চালের দাম ১ দশমিক ২৯ শতাংশ বেড়ে ৭২ থেকে ৭৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বেড়েছে মাঝারি মানের চিকন চালের দাম। প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ২ দশমিক ৫০ শতাংশ বেশি দামে। মোটা চালও বাড়তি দাম দিয়েই বিক্রি হচ্ছে। প্রতি কেজি মোটা চালের দাম এখন সর্বোচ্চ ৬০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।
ক্রেতা ও বিক্রেতারা জানান, প্রায় মাসখানেক আগে হঠাৎ করেই চালের দাম বাড়তে শুরু করে। তাও আবার মৌসুমের মধ্যখানে। যখন কিনা বোরো মৌসুমের ধান উঠতে শুরু করে। এই বেড়ে যাওয়া দাম আর কমেনি। এখনো উচ্চমূল্যেই বিক্রি হচ্ছে। অথচ প্রতি বছরই উৎপাদন মৌসুমে চালের দাম কমে আসে।
জানা গেছে, সপ্তাহের ব্যবধানে সবজির বাজারে পরিবর্তন আসেনি। একই রকম দামেই পাওয়া বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। বাজারে এখন কিছু সবজির দাম খানিকটা চড়া, আবার কিছু সবজির দাম বেশ সহনীয় পর্যায়ে রয়েছে। কম দামের তালিকায় রয়েছে পেঁপে, ছোট পটোল, ঢেঁড়স, চালকুমড়া, লাউসহ বেশ কিছু সবজি। এসব পণ্য খুচড়া বাজারগুলোতে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকার মধ্যে। তবে উচ্চমূল্যের সবজিগুলোর মধ্যে বেগুন প্রতি কেজি ৭৫ থেকে ৮০, ঝিঙ্গা ৬৫ থেকে ৭০ টাকা, কাঁকরোল ৮০ থেকে ৮৫ টাকা, ধুন্দল ৬০ থেকে ৭০ টাকা, লতি মানভেদে ৭০ থেকে ৯০ টাকা, করল্লা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। এছাড়া শসা ৫০ থেকে ৬০ টাকা এবং গাজর প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকার মধ্যে। পেঁয়াজের দামও স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে। একইভাবে স্থিতিশীল রয়েছে রসুন ও আদার দাম।
এছাড়া আরও খানিকটা কমেছে ফার্মের ডিমের দাম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা দরে। যা গত সপ্তাহে ছিল ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে। তবে ব্রয়লার মুরগির দাম খানিকটা বেড়ে গেছে। প্রতি কেজি মুরগির মাংস বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকার মধ্যে। যা গত সপ্তাহে ছিল ১৬০ থেকে ১৭৫ টাকার মধ্যে।