এ ক  ন জ রে

বিশ্বকাপের মধ্যেই বায়ার্নে

বিশ্বকাপে জানপ্রাণ উজাড় করে খেলছেন ইসমাইল সাইবারি। এখন পর্যন্ত তিন গোল করার পাশাপাশি নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে শরীর থেকে রক্তও ঝরাতে হয়েছে তাকে। এই মিডফিল্ডারের টাইব্রেকারে নেওয়া শেষ ও জয়সূচক পেনাল্টিতেই শেষ ষোলো পর্বের টিকিট কেটেছে মরক্কো। দুর্দান্ত এই পারফরম্যান্সের পুরস্কারও পেলেন সাইবারি। বিশ্বকাপ চলাকালেই তাকে দলে ভিড়িয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ৫ কোটি ৫০ লাখ ইউরোতে (৭০০ কোটি টাকা) বায়ার্নের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করার পর সাইবারি বলেন, ‘ছোটবেলা থেকেই বায়ার্নের মতো একটি ক্লাবে চুক্তি করার স্বপ্ন দেখেছি। সবাই জানে, এটি বিশ্বের অন্যতম সেরা ক্লাব। বায়ার্ন প্রতি বছর চ্যাম্পিয়নস লিগের মতো বড় শিরোপার জন্য লড়াই করে। এখানে আমি যত বেশি সম্ভব ট্রফি জিততে চাই।’

আনারস ‘লাকি চার্ম’

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে মজার আলোচনা। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ২০২৬ বিশ্বকাপে হাইতির বিপক্ষে ম্যাচের আগে টানেল দিয়ে মাঠে ঢোকার সময় আনারস খাচ্ছেন তিনি। অনুশীলনের সময় এবং দ্বিতীয়ার্ধ শুরুর আগেও তাকে আনারস খেতে দেখা যায়। মুহূর্তে সেই দৃশ্য ছড়িয়ে পড়ে অনলাইনে, শুরু হয় ‘আনারস কি ভিনির লাকি চার্ম’ আলোচনা। তবে এটি তার নতুন অভ্যাস নয়। রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামার আগেও তাকে নিয়মিত ফল খেতে দেখা গেছে। বিশেষ করে ২০২৪ সালের স্প্যানিশ সুপার কাপ ফাইনালে বার্সার বিপক্ষে এল ক্লাসিকোর আগে আনারস খেয়ে নেমে হ্যাটট্রিক করেন তিনি। ভিনির এই অভ্যাস এখন ভক্তদের কাছে নতুন কৌতূহলের বিষয়।

স্বপ্ন হচ্ছে সত্যি

লিওনেল মেসিকে ঘিরে কোটি ভক্তের আবেগ নতুন করে ছুঁয়েছে ৮ বছরের এক শিশুর স্বপ্নপূরণের গল্পে। গত ২৪ জুন আর্জেন্টাইন জাদুকরের জন্মদিনে তার উদ্দেশে ম্যানু লিটউই নামের একটি শিশু একটি আবেগঘন চিঠি লেখে, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানায়, মেসির বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচ দেখার সুযোগ পাচ্ছে শিশুটি। আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে খেলা ম্যানুর চিঠি ছড়িয়ে পড়ার পর একটি প্রতিষ্ঠান তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং তাকে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখার আমন্ত্রণ জানায়। চিঠিতে সে লিখেছিল, ‘যখন তোমাকে খেলতে দেখি, মনে হয় তুমি আর বল যেন এক হয়ে গেছ। স্বপ্নেও তোমাকে কল্পনা করি। তুমি প্রমাণ করেছ, সবচেয়ে কঠিন স্বপ্নও একদিন সত্যি হতে পারে।’

হারের পর বিদ্রোহ

বিশ্বকাপ থেকে নাটকীয় বিদায়ের পর সেনেগাল জাতীয় দলের মিডফিল্ডার পাপে গেই বিদ্রোহ ঘোষণা করেছেন। বর্তমান কোচিং স্টাফ দায়িত্বে থাকলে জাতীয় দলের হয়ে খেলবেন না বলে জানিয়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। শেষ ৩২-এর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় সেনেগাল। ম্যাচের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস শেয়ার করেন গেই, ‘বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে পরে আপনাদের সঙ্গে আরও কিছু কথা বলব। তবে আজই জানিয়ে দিচ্ছি, যত দিন বর্তমান কোচিং স্টাফ দায়িত্বে থাকবে, তত দিন আমি জাতীয় দল থেকে বিরতি নেব।’