মেসিদের থামাতে আলাদা কোনো ছক নেই কেপ ভার্দের

বিশ্বমঞ্চের নকআউট পর্ব মানেই এক মুহূর্তের ভুল আর বিদায়ের করুণ সুর। এমন এক বাঁচা-মরার লড়াইয়ের আগে যখন প্রতিপক্ষ দলে থাকেন লিওনেল মেসির মতো একজন ফুটবল জাদুকর, তখন যেকোনো কোচেরই নির্ঘুম রাত কাটার কথা। উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে আফ্রিকার লড়াকু দল কেপ ভার্দে। তবে ম্যাচের আগে সব আলো যখন আর্জেন্টাইন মহাতারকার ওপর, তখন কেপ ভার্দে কোচ বুবিস্তা শোনালেন একদম ভিন্ন এক সুর। মেসিকে আটকাতে আলাদা কোনো ছক নেই তার খাতা-কলমে!

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার দাপুটে পথচলার মূল কাণ্ডারি মেসি। নকআউটের এই অগ্নিপরীক্ষাতেও বিশ্বচ্যাম্পিয়নরা যে তাদের সেরা অস্ত্রের ওপরেই বাজি ধরবে, তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচের আবহকে আরও জমজমাট করে তুলেছে কেপ ভার্দে প্রেসিডেন্টের একটি ঘোষণা; তিনি জানিয়েছেন, মাঠের লড়াইয়ের আগে কিংবদন্তি মেসিকে একটি বিশেষ স্মারক উপহার দেবে তাদের দেশ। তবে মাঠের বাইরের এই আবেগ বা সম্মানকে মাঠের ভেতরে ঢুকতে দিতে নারাজ কেপ ভার্দে বস। বুবিস্তার সাফ কথা, তিনি শুধু একজন মেসিকে নিয়ে পড়ে নেই, বরং তার পুরো রণকৌশল আবর্তিত হচ্ছে গোটা আলবিসেলেস্তে দলকে ঘিরে।

কাগজে-কলমে আর্জেন্টিনা এই ম্যাচে পরিষ্কার ফেভারিট হলেও কেপ ভার্দেকে অবহেলা করার সুযোগ নেই মোটেও। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থাকা দলটি গ্রুপ পর্বে স্পেন এবং উরুগুয়ের মতো বিশ্বফুটবলের পরাশক্তিদের রুখে দিয়েছে, পয়েন্ট ভাগাভাগি করেছে সৌদি আরবের সাথেও। এই ভয়ডরহীন ফুটবলই বুবিস্তার আত্মবিশ্বাসের জ্বালানি। তাই তো মেসিদের জন্য ভিন্ন কোনো ছক না কষে নিজেদের বৈশিষ্ট্য-এ থাকার কথাই বলেন তিনি। সংবাদ সম্মেলনে কোচ নিজের রণকৌশল নিয়ে সরাসরি বুবিস্তা বলেন, “প্রতিপক্ষ বদলায়, কিন্তু সমস্যাগুলো থেকেই যায়। প্রতিটি দল ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসে। নিজেদের বৈশিষ্ট্য না হারিয়ে, আমরা সবসময় চেষ্টা করি প্রতিটি প্রতিপক্ষের সাথে মানিয়ে নেওয়ার। আর্জেন্টিনার বিপক্ষে আগামীকাল আমরা একই কাজ করার চেষ্টা করব। তাদের সম্মান করব, কিন্তু পরের রাউন্ডে যাওয়ার দৃঢ় আকাঙ্ক্ষাও থাকবে আমাদের।”

যোগ্যতার প্রমাণ দিয়েই যে তারা আজ বিশ্বকাপের এই পর্যায়ে পা রেখেছে, সেটি মনে করিয়ে দিয়ে তিনি জানান, নিজেদের কাজের প্রতি তাদের অগাধ আস্থা রয়েছে। বিপক্ষ দল হিসেবে বিশ্বচ্যাম্পিয়নদের মনে মনে সমীহ করলেও, নিজেদের স্বপ্ন তাড়া করতে বিন্দুমাত্র ছাড় দেবে না তার শিষ্যরা।