ইউজারনেম ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপে যোগাযোগের ধরনে বড় পরিবর্তন আনছে মেটা। খুব শিগগিরই ব্যবহারকারীরা ফোন নম্বরের পরিবর্তে একটি ইউনিক ইউজারনেম ব্যবহার করে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। নতুন এই ফিচারের মূল লক্ষ্য হলো ব্যক্তিগত ফোন নম্বরের গোপনীয়তা নিশ্চিত করা এবং ব্যবহারকারীদের নিরাপত্তা আরও শক্তিশালী করা।

বর্তমানে হোয়াটসঅ্যাপে নতুন কারও সঙ্গে কথা বলতে বা কোনো গ্রুপে যুক্ত হতে হলে ফোন নম্বর শেয়ার করা বাধ্যতামূলক। নতুন ব্যবস্থায় সেই প্রয়োজন অনেকটাই কমে যাবে। ব্যবহারকারী নিজের পছন্দের একটি ইউনিক ইউজারনেম তৈরি করবেন এবং সেটির মাধ্যমেই অন্যরা তাকে খুঁজে পাবেন। ফলে প্রথমবার যোগাযোগের সময় বা বড় কোনো গ্রুপে যুক্ত হলেও ফোন নম্বর সবার সামনে প্রকাশ পাবে না। নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দিয়েছে মেটা। অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের মতো হোয়াটসঅ্যাপে কোনো ওই ইউজারনেম ডিরেক্টরি বা সাজেশন তালিকা থাকবে না। কারও সঙ্গে যোগাযোগ করতে হলে তার সঠিক ইউজারনেম জানতে হবে। এতে অপরিচিত ব্যক্তির কাছ থেকে অযাচিত বার্তা, স্প্যাম বা হয়রানির ঝুঁকি কমবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ^জুড়ে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী প্রায় ৩০০ কোটির বেশি হওয়ায় পছন্দের ইউজারনেম পাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা হতে পারে। তাই ধাপে ধাপে ইউজারনেম সংরক্ষণের সুযোগ দেওয়া হবে। ফেসবুক ও ইনস্টাগ্রামে একই নাম ব্যবহার করা কনটেন্ট নির্মাতা, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থা অগ্রাধিকার ভিত্তিতে সেই নাম হোয়াটসঅ্যাপেও সংরক্ষণ করতে পারবেন। গোপনীয়তা ও নিরাপত্তা বাড়াতে এটি হোয়াটসঅ্যাপের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট হিসেবে বিবেচিত হচ্ছে।