ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় বিকাশ ব্যবসায়ী মোতালেব হোসেন (৬১) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূলহোতা জাকিরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অটোরিকশা, নিহতের বিকাশ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করা ৮৬ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন ও একটি টিফিন বক্সও উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার সেল সারদী এলাকা থেকে মূল আসামি জাকিরকে গ্রেপ্তার করা হয়।

এর আগে  গত বৃহস্পতিবার সকালে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজি ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়কের পাশ থেকে মোতালেব হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মাসদাইর এলাকা থেকে ওমর ফারুক (২২) ও সোহেল (৪৯) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। তিনি জানান, নিহত মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকায় বসবাস করতেন। তিনি মাসদাইর বাজারে একটি লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।