ঘুমন্ত বাবাকে হত্যা ছেলে আটক

পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘুমন্ত অবস্থায় বাবাকে শিলপাটা দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উত্তম দেবনাথ (৬০) পেশায় দিনমজুর ছিলেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে তাপস দেবনাথকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে উত্তম দেবনাথ ও তার ছেলে তাপস একই ঘরে ঘুমাতে যান। উত্তম দেবনাথের স্ত্রী কানন দেবনাথ ঘরের পেছনের একটি কক্ষে ছিলেন। পূর্বের দ্বন্দ্বের জেরে ভোর ৪টার দিকে তাপস একটি শিলপাটা দিয়ে ঘুমন্ত বাবার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই উত্তম দেবনাথের মৃত্যু হয়। স্বামীর চিৎকার শুনে কানন দেবনাথ ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানান। পরে সকাল পৌনে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।