নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধনকে কেন্দ্র দুপক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় জলঢাকা পেট্রোলপা¤প ও জলঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই ১৪৪ ধারা জারী করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী।
আদেশে বলা হয়, জলঢাকা পেট্রোলপা¤প ও জলঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের পরিবহন শ্রমিকদের মধ্যে বর্ণিত এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা বিদ্যমান রয়েছে মর্মে অফিসার ইনচার্জ, জলঢাকা থানা নিম্নস্বাক্ষরকারীকে অবহিত করেছেন।
আরও বলা হয়, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হলো।
এলাকাবাসী জানান মো. মোমিনুর রহমান ও আব্দুর রশিদ নেতৃত্বাধীন একটি শ্রমিক সংগঠন ওই এলাকায় পুরনো। নতুন করে বাবু ও আনোয়ারুল নেতৃত্বাধীন একটি শ্রমিক সংগঠনের শুক্রবার বিকেলে জলঢাকা অফিস উদ্বোধনের কথা। ওই অফিস উদ্বোধনকে কেন্দ্র করে সংগঠন দুটির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাসস্টান্ড এবং পেট্রোলপাম্প এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
জলঢাকা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, বিশৃঙ্খলা ঠেকাতে তারা সতর্ক আছেন।