ব্যবসার নামে ১৪ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

রাজধানীর গুলশান এলাকায় ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ নামক প্রতিষ্ঠানে যৌথ ব্যবসায় বিনিয়োগের প্রতারণায় ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম সৌমেন সাহা (৩৫)। গতকাল শুক্রবার হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, ২০২০ সালে ধানম-ির মেট্রো শপিংমলে ভুক্তভোগী বিপ্লব চক্রবর্তীর সঙ্গে ব্যবসায়িক কারণে পরিচিত হন অভিযুক্ত সৌমেন সাহা। করোনাকালে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক ও বিশ্বাসের ভিত্তি গড়ে ওঠে। ২০২৩ সালে সৌমেন সাহা দুবাই থেকে স্বর্ণ কেনার কথা বলে ভুক্তভোগীর কাছ  থেকে ৫০ লাখ টাকা ধার নেন।  পরে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিংমলে ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ নামে একটি নতুন দোকান চালুর প্রস্তাব দিয়ে বাদীকে ব্যবসায় অংশীদার বানানোর প্রতিশ্রুতি দিয়ে ৪ কোটি ৩০ লাখ টাকা নেন। এভাবে বিভিন্ন সময় পর্যায়ক্রমে নগদ টাকা ও চেকের মাধ্যমে সর্বমোট ১৪ কোটি ৩৮ লাখ টাকা হাতিয়ে নেন অভিযুক্ত ব্যক্তি। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।