খেলায় জিতে উল্লাসের সময় গোলবার চাপায় তরুণের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে লোহার গোলবারের নিচে চাপা পড়ে মাহিদুল (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার নগরীর হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিদুল পেশায় একজন রঙমিস্ত্রি ছিলেন। তিনি পটুয়াখালীর বাউফল থানার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে। চট্টগ্রাম নগরীর কলসির দীঘির পাড় এলাকায় দুলাভাইয়ের সঙ্গে থাকতেন তিনি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বন্ধুদের সঙ্গে বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যান মাহিদুল। খেলা শেষে তার দল জয়ী হয়। জেতার আনন্দে মাঠের লোহার গোলপোস্টের বার ধরে ঝুলে জয় উদযাপন করছিলেন মাহিদুল। এ সময় আকস্মিকভাবে ভারী লোহার গোলবারটি উপড়ে তার ওপর ভেঙে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহিদুলকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাঠ থেকে গুরুতর আহত অবস্থায় এক তরুণকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

মাহিদুলের দুলাভাই রবিউল বলেন, ‘সকালে বন্ধুদের সঙ্গে ও মাঠে খেলতে গিয়েছিল। দুর্ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে যাই। আইনি প্রক্রিয়া ও গোসল শেষে লাশ নিয়ে নিউমুরিং এলাকায় এসেছি। গ্রামের বাড়িতে নিয়ে মাহিদুলের দাফন সম্পন্ন করা হবে।’