বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ট্রল নতুন নয়। তবে এসব বিষয়ে মেয়ে আলিয়াকে আলাদা কোনো পরামর্শ দেন না বলে জানিয়েছেন নির্মাতা মহেশ ভাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, খ্যাতির সঙ্গে সমালোচনাও আসে, এটি পেশারই একটি অংশ। তার ভাষায়, ‘রোদে দাঁড়ালে যেমন রোদে পোড়া স্বাভাবিক, তেমনি আলোচনায় থাকলে সমালোচনার মুখোমুখি হওয়াও স্বাভাবিক।’
মহেশ ভাট জানান, তিনি বিশ্বাস করেন তার সন্তানরা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে সক্ষম। তাই ট্রল বা নেতিবাচক মন্তব্য মোকাবিলায় তিনি তাদের সিদ্ধান্তেই আস্থা রাখেন। তিনি আরও বলেন, একজন পরিচিত মানুষের জীবনে প্রশংসা ও সমালোচনা দুটোই থাকবে। সেগুলো গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ। আলিয়া ভাটের নতুন ছবি ‘আলফা’ মুক্তির প্রেক্ষাপটে তার এই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে।