মাঠে তো লাথি মারছিল, এখন চায় জার্সি!—মেসির রসিকতা 

ম্যাচজুড়ে চলল রুক্ষ ফুটবল আর কড়া ট্যাকলের মহড়া, যেখানে প্রতিপক্ষের মূল লক্ষ্যই ছিল লিওনেল মেসিকে আটকে রাখা। তবে রেফরির শেষ বাঁশি বাজতেই চিরচেনা সেই বৈরিতা উবে গেল মিক্সড জোনের অবিশ্বাস্য এক দৃশ্যে; কেপ ভার্দের ফুটবলাররা তখন মেতে উঠেছেন প্রতিপক্ষ অধিনায়কের সাথে ফ্রেমবন্দী হওয়ার তীব্র আকুলতায়।

হারের ক্ষত ভুলে প্রতিপক্ষের এমন রূপান্তর দেখে রসিকতার সুরে আর্জেন্টিনা অধিনায়ক বলেন, “তারা আমার জার্সি, স্মৃতিচিহ্ন—সবই চাচ্ছিল। অথচ মাঠের ভেতর তো আমাকে লাথি মেরে তিলে তিলে শেষ করে দিচ্ছিল!” 

হাসি-ঠাট্টার বাইরে অবশ্য ম্যাচের কঠিন বাস্তবতা এবং নিজেদের কৌশল নিয়েও কথা বলেছেন মেসি। সে প্রসঙ্গে আর্জেন্টিনা অধিনায়ক বলেন, “এই দলটা দীর্ঘদিন ধরেই একটা বিষয় প্রমাণ করে আসছে। আমরা লড়াই করতে জানি এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আজ আমরা সেট-পিস থেকে সুযোগ কাজে লাগিয়েছি, যা ইদানীং আমাদের ঠিকঠাক হচ্ছিল না…আজ আমরা সেই শক্তির সুবিধা নিতে পেরেছি, যা সামনে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।”

কেপ ভার্দের এই কঠিন বাধা টপকে লিওনেল স্কালোনির দল এখন শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে মিসরের, যারা কি না টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায় করেছে। আগামী মঙ্গলবার আটলান্টার মাঠে ফারাওদের বিপক্ষে মাঠে নামার আগে মেসির এই আত্মউপলব্ধি নিশ্চিতভাবেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের আরও সতর্ক করবে।