আনোয়ারায় অজ্ঞাত ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় অজ্ঞাত এক ব্যক্তির মস্তকবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বটতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শ্রীমতি খালে মরদেহটি পড়ে খাকতে দেখে ৯৯৯-এ ফোন দেয় স্থানীয়রা। উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

সংবাদ পেয়ে আনোয়ারা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা হত্যা করে মরদেহটি খালের মধ্যে ফেলে রেখে পালিয়ে গেছে।

তবে কীভাবে এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তবে কয়েকদিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।তিনি আরও বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি মরদেহের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।