আফগানিস্তান বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চায়। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ইরানের রাজধানী তেহরানে জাতীয় সংসদের স্পিকারের হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে দেশটির এ অভিপ্রায়ের কথা জানান।
আফগানিস্তানের জাতীয় রেডিও ও টেলিভিশন (আরটিএ) গতকাল শনিবার এ বৈঠকের ছবি সংযুক্ত করে দেওয়া এক প্রতিবেদনে বৈঠকটির কথা জানায়।
স্পিকারের হাফিজ উদ্দিন আহমদ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনে অংশগ্রহণের জন্য তেহরান সফর করছেন।
প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্পিকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন, যেখানে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আমির খান মুত্তাকি আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে বিপুল বাণিজ্য সম্ভাবনার কথা তুলে ধরেন এবং পারস্পরিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনের জন্য উভয় দেশের এই সুযোগগুলোকে কাজে লাগানোর ওপর জোর দেন। আরটিএ প্রতিবেদন অনুযায়ী, হাফিজউদ্দিন আহমদ দুই দেশের মধ্যকার সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ বলে বর্ণনা করেন। তিনি বলেন, আফগানিস্তানের চলমান অর্থনৈতিক পুনর্গঠন বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক গভীর করার একটি মূল্যবান সুযোগ তৈরি করেছে, যা দুই দেশের জন্যই সুবিধা বয়ে আনবে।
উভয়পক্ষ অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।