জুলাই গণঅভ্যুত্থান অবমাননা

শাওন মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০২:১৭ এএম

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ করা হয়েছে। গত শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে এ অভিযোগ দাখিল করা হয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস, তুহিন ফরাজী ও কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, যেহেতু সাইবার সংক্রান্ত অভিযোগ, তাই তদন্তের অংশ হিসেবে অভিযোগটি ডিবি সাইবার বিভাগে যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। তারা তদন্ত করবে।

রাষ্ট্র সংলাপ ফোরাম নামের সংগঠনের পক্ষ থেকে দেওয়া অভিযোগে জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য, সামাজিক মাধ্যমে প্রকাশিত বক্তব্য ও পোস্টের বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে। পুলিশ সেটি গ্রহণ করেছে।

তারা আবেদনে লিখেছেন ‘এক হাজার ৪০০-এর অধিক শহীদ ও ৩০ হাজারের অধিক আহত বিপ্লবী মানুষের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সম্প্রতি কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে জুলাই আন্দোলনের স্মৃতিচিহ্ন এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর কর্মকাণ্ড ও বক্তব্য প্রদান করেছেন। শান্তা ফারজানা নামে একজন ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করার একটি ভিডিও তার সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন। মেহের আফরোজ শাওন বিভিন্ন ভিডিওবার্তায় জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। মাহিয়া মাহী তার সামাজিক মাধ্যমে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে কটাক্ষ করে তাদের অভিনয় করার সঙ্গে তুলনা করেছেন। তাদের বক্তব্যে আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী এবং অন্যান্য সংশ্লিষ্টদের হেয় করা হয়েছে বলে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।’ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানানো হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্র্রতিবাদ একসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রূপ নেয়। একপর্যায়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সে বছর জুন-জুলাই মাসে হওয়া এ আন্দোলন জুলাই আন্দোলন বা জুলাই গণঅভ্যুত্থান নামে পরিচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত