দেনমোহর আদায়

নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বিয়ের সময় ধার্য করা দেনমোহর আদায়ে নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা আখতার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন। এতে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজেসলেটিভ ও  সংসদবিষয়ক সচিবকে বিবাদী করা হয়েছে। আবেদনে কেন মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নং ধারার অধীনে একটি নির্দেশিকা প্রণয়ন ও জারি করার নির্দেশ দেওয়া হবে না এ মর্মে রুলের আরজি জানিয়েছেন আইনজীবী।

রিট আবেদনে বলা হয়েছে বিয়ের তারিখের এক বছর পর প্রদত্ত দেনমোহরের মূল্যায়ন ও আদায়ের পদ্ধতি, নীতিমালা এবং উপায় নির্ধারণ করা থাকবে, যার উদ্দেশ্য হবে বিবাহে নারীদের অধিকার ও আর্থিক স্বার্থ রক্ষা ও সংরক্ষণ করা এবং মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ সংশ্লিষ্ট ধারার অস্পষ্টতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করা। রিটকারী আইনজীবী ফাহমিদা আখতার সাংবাদিকদের বলেন, ‘দেনমোহর হচ্ছে দেশের আইন ও ইসলাম ধর্ম অনুযায়ী স্ত্রীর একটি বৈবাহিক অধিকার এবং স্বামী তা দিতে বাধ্য। তবে আইন ও ধর্মে বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও বাস্তবে দেনমোহর ফাঁকি দেওয়ার জন্য সমাজে এক ধরনের অপসংস্কৃতি রয়েছে।’